
স্বপ্ন দেখা থেকে এতটুকু সরছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার। দেশের হয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামবেন, এটাই তাঁর স্বপ্ন। এবং
বিশ্বকাপে খেলার সুযোগ পেলে আরও একটা স্বপ্ন ব্রাজিলিয়ান তারকাকে তাড়া করে বেড়াচ্ছে। বিশ্বকাপ ফাইনাল খেলার স্বপ্ন। আর ফাইনালে হবে। ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। অর্থাৎ ফাইনালে বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি বিরুদ্ধে খেলতে চান নেইমার।
আসন্ন বিশ্বকাপে নেইমার খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ব্রাজিলিয়ান তারকা এই মুহূর্তে নিজেকে ফিট করে তোলায় ব্যস্ত রয়েছেন।
কঠোর পরিশ্রম করছেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য। ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি পরিষ্কার জানিয়েছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে তাঁরাই সুযোগ পাবেন, যাঁরা সম্পূর্ণ ফিট। সম্প্রতি স্যান্টোস বনাম সান লরেঞ্জোর মধ্যে ম্যাচের পর নেইমার এক সাক্ষাৎকার বলেছেন, 'হ্যাঁ, আমি অবশ্যই
বিশ্বকাপে খেলতে চাই। বিশ্বকাপ নিয়ে ভাবি। প্রতিটি ব্রাজিলিয়ান ফুটবলারই চায় বিশ্বকাপ খেলতে। আমার বিশ্বাস, ব্রাজিলের হয়ে অবশ্যই বিশ্বকাপে মাঠে নামব।'
এরপরই বন্ধু মেসিকে নিয়ে প্রশ্ন উড়ে এলে নেইমার বলেন, 'আর্জেন্টিনা এবং ব্রাজিলের বিশ্বকাপ ফাইনাল হলে অভাবনীয় ঘটনা ঘটবে। আশা করব, আমরা ফাইনালে উঠব। সেখানে মেসির মুখোমুখি হব।' একের পর এক ব্রাজিলিয়ান তারকা চোটের জন্য সমস্যায় পড়ছেন। এদের মিলিতাও ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন।
ইতিমধ্যেই জানা গিয়েছে, তিনি রিয়ালের হয়ে মরসুমের বাকি ম্যাচগুলি খেলতে পারবেন না এবং বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, মিলিতাওয়ের পুরনো চোট ফিরে এসেছে। সম্ভবত তাঁকে অস্ত্রোপচার করতে হতে পারে। সেক্ষেত্রে মিলিতাওকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। শোনা যাচ্ছে, তাঁকে অন্তত ৪ থেকে ৫ মাস মাঠের বাইরে থাকতে হবে। তেমন হলে তাঁর পক্ষে বিশ্বকাপে মাঠে নামা কার্যত অসম্ভব।
এদিকে, ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহোর আশা করছেন, নেইমার জুনিয়র শেষ পর্যন্ত বিশ্বকাপের স্কোয়াডে ডাক পাবেন। সম্প্রতি তিনি বলেছেন, আমি আশা করছি নেইমার বিশ্বকাপে খেলবে। ও যদি ব্রাজিল দলে থাকে তা হলে বেশ ভাল হবে। কারণ, ও ব্রাজিলকে সাহায্য করতে পারবে।' রোনাল্ডিনহোর এই মন্তব্য যে ব্রাজিল কোচ আন্সেলোরির উপর চাপ বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই। ব্রাজিলিয়ান কিংবদন্তি আরও বলেছেন, 'এমনিতে আমার সঙ্গে নেইমারের বন্ধুত্বের সম্পর্ক। এবং আমি বিশ্বাস করি, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভাবর ফুটবলার নেইমার।' তবে একইসঙ্গে এ কথাও তিনি জানিয়েছেন, নেইমারকে দলে নেওয়া হবে কি হবে না, সেই সিদ্ধান্ত নেবেন কোচ আন্সেলোত্তি।