
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে আমেরিকায় আবহাওয়ার হঠাৎ পরিবর্তন। শনিবার (১৮ জুলাই) নিউইয়র্ক ও নিউ জার্সি সাক্ষী রইল প্রবল ঝড় ও মুষলধারে বৃষ্টির। ফলে এই দুই শহরই কিছুক্ষণের জন্য জলমগ্ন হয়ে পড়ে। সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে। আর এই স্টেডিয়ামেই আগামী ২০ জুলাই ভারতীয় সময় রাত ১২:৩০ মিনিটে স্পেনের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। এই ফাইনাল ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে বিশ্বকাপ যাবে কাদের হাতে।
বৃষ্টির দাপট এতটাই, যে কিছুক্ষণের জন্য পুরো স্টেডিয়ামই বৃষ্টির পুরু চাদরে ঢেকে যায়। স্টেডিয়ামের জলমগ্ন ভিডিওগুলো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়, যা দেখে রীতিমতো মাথায় হাত পড়ে ফুটবল ফ্যানেদের। অনেকেই রীতিমতো চিন্তা শুরু করেন, তবে কি মাটি হল ফাইনাল ম্যাচ?
তবে আবহাওয়া বিদরা জানিয়েছেন, বর্তমানে খারাপ আবহাওয়ার কারণে ফাইনাল ম্যাচ প্রভাবিত হওয়ার কোনও সম্ভাবনা নেই। রবিবার (মার্কিন সময়) বৃষ্টি থেমে আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই, স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল মহারণ ৮০,০০০ দর্শকের সামনে নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।
বৃষ্টি শাপে বর হল
গত কয়েকদিনে কানাডায় ভয়াবহ দাবানল থেকে বের হয়ে আসা ধোঁয়া নিউইয়র্ক এবং নিউ জার্সি সহ উত্তর-পূর্ব মার্কিন মুলুকেও পৌঁছেছে। ফলে অনেক এলাকার বায়ুর মানের অবনতি ঘটেছে। বেশ কিছু এলাকায় বায়ুর মান সংক্রান্ত সতর্কতা জারি রয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন যে, শনিবারের ভারী বৃষ্টি ধোঁয়ার অনেকটাই কেটে যেতে সাহায্য করবে। accuweather.com-এর তথ্য অনুযায়ী, রবিবার ইস্ট রাদারফোর্ডের বাতাসের মান শনিবারের চেয়ে উল্লেখযোগ্যভাবে ভালো থাকবে। যদিও তা আদর্শ পর্যায়ে পৌঁছাবে না, তবুও খেলোয়াড় এবং দর্শকদের জন্য পরিস্থিতি আরও অনুকূল হবে।