
এক মাসের মাত্র বাকি রয়েছে ফিফা বিশ্বকাপ শুরু হতে। ৪৮ দলের এই বিশ্বকাপ খুব স্পেশাল। আমেরিকা, কানাডা ও মেক্সিকোর মোট ১৬টি শহরে আয়োজিত হবে এই মেগা টুর্নামেন্ট। গোটা বিশ্বে AI-এর ব্যবহার বাড়ছে। সেখানে বিশ্বকাপ পিছিয়ে থাকবে কেন? এবার AI প্রযুক্তি-র ব্যবহার হবে বিশ্বকাপে। ইতিহাসে এরকম বড় বিশ্বকাপ এর আগে দেখা যায়নি।
VAR-এর ক্ষেত্রে AI-এর ব্যবহার
এবারের বিশ্বকাপে প্রযুক্তির ব্যবহারেও আসছে বড়সড় পরিবর্তন। ভিএআর সিদ্ধান্তকে আরও নির্ভুল ও দ্রুত করতে প্রতিটি ফুটবলারের থ্রি-ডি ডিজিটাল ইমেজ তৈরি করতে চলেছে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কৃত্রিম বুদ্ধিমত্তা (Ai) ভিত্তিক এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে খেলোয়াড়দের নড়াচড়া, শরীরের অবস্থান ও বলের গতিপথ আরও সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। ফলে অফসাইড, ফাউল কিংবা বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে রেফারিদের কাজ অনেকটাই সহজ হবে।
ফুটবলারদের প্রতিরূপ তৈরি করছে ফিফা
এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। প্রতিটি দলে থাকবেন ২৬ জন করে ফুটবলার। সেই হিসাবে মোট খেলোয়াড়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১,২৪৮। প্রযুক্তিনির্ভর এই বিশ্বকাপে প্রত্যেক ফুটবলারেরই আলাদা ডিজিটাল স্ক্যান তৈরি করা হবে। এআই-ভিত্তিক এই থ্রি-ডি প্রতিরূপ ম্যাচ পরিচালনা, ভিএআর বিশ্লেষণ এবং বিভিন্ন টেকনিক্যাল সিদ্ধান্তকে আরও নিখুঁত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
ইনফান্তিনো বলেন, 'এআই-চালিত থ্রিডি আভতার খেলোয়াড়দের নির্ভুল শনাক্তকরণ ও অনুসরণ নিশ্চিত করবে।' তিনি এটাকে 'আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তিতে একটি বড় অগ্রগতি' হিসেবে বর্ণনা করেন।
কীভাবে তৈরি হবে ফুটবলারদের প্রতিরূপ?
কীভাবে ফুটবলারদের ছবি তোলা হবে? প্রত্যেকের জন্য বরাদ্দ থাকবে একটা বিশেষ চেয়ার। স্ক্যান করার সময় সেখানে বসতে হবে। মাত্র এক সেকেন্ডের মধ্যে স্ক্যানের কাজ শেষ করতে হবে। একবারই হবে এই স্ক্যান। জানা গিয়েছে, বিশ্বকাপের আগে ফটোশুটের সময়েই সম্পন্ন হবে এই কাজ। এই স্ক্যানের ফলে দ্রুত মুভমেন্ট তো বটেই, বাধাগ্রস্ত অবস্থাতেও নির্ভুলভাবে তাঁদের গতিবিধি ধরা পড়বে।
জটিল সিদ্ধান্তের ক্ষেত্রে রেফারিরা AI-এর সাহায্য পাবেন
গোললাইন প্রযুক্তি, অফসাইড ট্র্যাকিংয়ে এআই-নির্ভর টেকনোলজি ‘ভিএআর’-এর সহায়ক হিসাবে কাজ করবে, যাতে রেফারিরা আরও দ্রুত ও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নেবেন মাঠের রেফারিরাই। তবে পেনাল্টি এলাকায় জটিল পরিস্থিতিতে এআই পথ বাতলে দিতে পারে। সম্প্রচারের সময় এআই-সমৃদ্ধ বিশেষ ভিজ্যুয়াল ব্যবহৃত হতে পারে, যা দর্শকদের বিতর্কিত সিদ্ধান্ত সহজে বুঝতে সাহায্য করবে।