
আর মাত্র কয়েক সপ্তাহ পরেই বসছে বিশ্বফুটবলের আসর। গোটা বিশ্বের মতো ভারতের ফুটবল ভক্তরাও অপেক্ষা করে আছেন ১২ জুনের জন্য। কিন্তু ভারতের ফুটবলপ্রেমীরা কি আদৌ ফুটবল বিশ্বকাপ দেখতে পাবেন? এখনও তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। এখনও পর্যন্ত ঠিক নেই, ভারতে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখা যাবে কিনা। এবার ভারতের সরকারি ব্রডকাস্টার প্রসার ভারতীও অফিসিয়ালই এই ইস্যু থেকে নিজেদের সরিয়ে নিল। দিল্লি হাইকোর্টকে প্রসার ভারতী জানিয়ে দিয়েছে, FIFA World Cup দেখানোর স্বত্ব নেওয়ার বিষয়ে তারা দায়িত্ব নিতে রাজি নয়।
দূরদর্শন ও DD Sports চ্যানেলে কি দেখানো হবে বিশ্বকাপ?
FIFA World Cup 2026 ভারতে প্রসার ভারতী বা দূরদর্শন দেখাবে কিনা এবং এবিষয়ে প্রসার ভারতী কী ভাবছে, সে বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছিল দিল্লির হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের বেঞ্চে। আবেদনে বলা হয়েছিল, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল সহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলি দেখানো হোক দূরদর্শন ও DD Sports চ্যানেলে। কিন্তু ১৯ মে দিল্লি হাইকোর্টে মামলায় নতুন মোড় আসে। আবেদনকারী আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, যাতে তাঁকে মামলাটি প্রত্যাহার করার অনুমতি দেওয়া হয় এবং উপযুক্ত আইনি প্রতিকার চেয়ে অন্য কোনও উপযুক্ত আদালতের দ্বারস্থ হওয়ার স্বাধীনতাও দেওয়া হয়।
৭৫ কোটি ভারতবাসী ফুটবল বিশ্বকাপ দেখেছিল টিভিতে
এর আগে গত ১২ মে দিল্লি হাইকোর্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতীকে নোটিশ পাঠিয়েছিল। কারণ, এমন আশঙ্কা তৈরি হয়েছিল যে ভারত হয়তো কোনও সরকারি সম্প্রচারকারী ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে পারে। এই সম্ভাবনাকে অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করেছিল আদালত।
২০২২ সালে কাতারে আয়োজিত FIFA World Cup-এ ভারতীয় দল যোগ্যতা অর্জন করতে না পারলেও FIFA-র দর্শকদের মধ্যে একটি বড় অংশ ছিল ভারত। আদালতের কাছে যে তথ্য রয়েছে, তাতে দেখা যাচ্ছে, সে বার প্রায় ৭৫ কোটি ভারতবাসী ফুটবল বিশ্বকাপ দেখেছিল টিভিতে। এই স্তরের জনপ্রিয়তা সত্ত্বেও ২০২৬ সালে ফিফা বিশ্বকাপ দেখানো নিয়ে দোলাচল চলছে ভারতে। আবেদনে দাবি করা হয়েছে, ২০২৬ এবং ২০৩০ ফুটবল বিশ্বকাপের ভারতের সম্প্রচার স্বত্বের জন্য প্রথমে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার দাম চেয়েছিল FIFA। পরে সম্প্রচার সংস্থাগুলির আগ্রহ কম থাকায় সেই দাম কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামানো হয়। মামলায় উল্লেখ করা বিভিন্ন রিপোর্টে আরও দাবি করা হয়েছে, JioStar-এর তরফে ২০ মিলিয়ন ডলারের একটি বিড দেওয়া হলেও সেটিও নাকচ করে দেয় FIFA।
বিশ্বকাপ দেখানোর জন্য বিরাট টাকা খরচ করতে রাজি নয় ভারতের চ্যানেলগুলি
বর্তমানে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার নেপথ্যে রয়েছে ফিফা ও ভারতীয় সম্প্রচারকদের মধ্যে বাণিজ্যিক টানাপোড়েন। যদিও ফুটবল বিশ্বকাপ গোটা বিশ্বে একটি বিশাল ইভেন্ট, কিন্তু ভারতীয় চ্যানেলগুলির বক্তব্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ হওয়ায় বেশির ভাগ খেলা ভারতে এমন সময়ে দেখা যাবে, যখন দর্শক কম থাকতে পারে। মূলত মধ্যরাতে বা ভোররাতে। তাই এই বিশ্বকাপ দেখানোর জন্য বিরাট টাকা খরচ করতে রাজি নয় ভারতের চ্যানেলগুলি।