
বিশ্বকাপের (FIFA World Cup 2026) উত্তাপ ক্রমশ বাড়ছে। আর কাল ভোরে নামছে ব্রাজিল (Brazil)। পাঁচবারের চ্যাম্পিয়নদের সামনে মরক্কো (Morocco)। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে (New York New Jersey Stadium) এই মহারণই হতে পারে বিশ্বকাপের প্রথম পর্বের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলির একটি।
গত বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল মরক্কো
২০২২ সালের বিশ্বকাপে মরক্কো যা করেছিল, তা এখনও ফুটবলপ্রেমীদের মনে তাজা। স্পেন (Spain) ও পর্তুগালের (Portugal) মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা পৌঁছে গিয়েছিল শেষ চারে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান ও আরবের দেশ হিসেবে এই নজির গড়েছিল মরক্কো। সেই সাফল্যের পর আর কেউ তাদের হাল্কা ভাবে নেয় না। বরং এ বারও তারা দেখিয়ে দিতে চায় যে, চার বছর আগের সেই দুরন্ত যাত্রা কোনও রূপকথা ছিল না। বিশ্বমঞ্চে নিজেদের শক্তির প্রমাণ আবারও দিতে প্রস্তুত মরক্কো।
বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কো এর আগে মাত্র এক বার মুখোমুখি হয়েছে। ১৯৯৮ সালের সেই ম্যাচে ৩-০ গোলে জিতেছিল ব্রাজিল। তবে ২০২৩ সালের একটি প্রীতি ম্যাচে ২-১ গোলে জিতে ব্রাজিলকে হারানোর স্বাদ পেয়েছে মরক্কোও। ফলে এই ম্যাচে আত্মবিশ্বাসের কোনও অভাব থাকবে না তাদের।
ধাক্কা খেয়েছে ব্রাজিল
ম্যাচের আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে ব্রাজিল। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা নেইমার (Neymar)। পায়ের পেশির চোট থেকে এখনও সেরে উঠছেন তিনি। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রাজিলের জন্য বড় ক্ষতি। তবে ব্রাজিল শিবির আশাবাদী, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই তিনি ফিরতে পারবেন। তত দিন আক্রমণের ভার সামলাতে হবে ভিনিসিয়াস জুনিয়র (Vincius Junior), রাফিনিয়া (Raphinha) এবং রদ্রিগোকে (Rodrygo)। তাই নেইমারকে ছাড়াই ব্রাজিল কতটা শক্তিশালী, সেই পরীক্ষাও হয়ে যাবে মরক্কোর বিরুদ্ধে এই ম্যাচে।
কীভাবে দেখবেন ব্রাজিল-মরোক্কো ম্যাচ?
ভারতে এই হাইভোল্টেজ ম্যাচ সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলে। বিশ্বকাপের শুরুতেই তাই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট লড়াই।