Advertisement

India vs Uruguay Match: কলকাতায় ভারত VS উরুগুয়ে, ব্রাজিল ম্যাচের পরেই, পুজোর মাসে একাধিক মেগা ইভেন্ট

৩ অক্টোবর যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। টিকিটের চাহিদা ব্যাপক। তারই মধ্যে উরুগুয়ে ম্যাচের সুখবর এল।

কলকাতায় ভারত বনাম উরুগুয়ে ম্যাচকলকাতায় ভারত বনাম উরুগুয়ে ম্যাচ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Aug 2026,
  • अपडेटेड 9:17 AM IST
  • উরুগুয়ের কোচ ফোরলান খেলেছেন ভারতে
  • এক উইন্ডোয় ৩ বিশ্বকাপ দলের বিরুদ্ধে ভারত
  • ভারতের হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে বিতর্ক

দুর্গাপুজোর মাসে ভারতের ফুটবল ভক্তদের একেবারে পোয়াবারো। একই মাসে দুই বিশ্বকাপজয়ী দলের সঙ্গে খেলবে ভারত। দুটি খেলাই হবে সল্টলেকে যুবভারতী স্টেডিয়ামে। ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচের পরেই সুয়ারেজের দেশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। হ্যাঁ, ৬ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। 

৩ অক্টোবর যুবভারতীয় ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে ভারত ও ব্রাজিল। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। টিকিটের চাহিদা ব্যাপক। তারই মধ্যে উরুগুয়ে ম্যাচের সুখবর এল। সোশ্যাল মিডিয়ায় এই ম্য়াচের ঘোষণা করে ফুটবল ফেডারেশনের তরফে লেখা হয়েছে, 'আগামী ৬ অক্টোবর কলকাতায় দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়েকে স্বাগত৷' এদিকে ২৬ সেপ্টেম্বর ভারত বনাম পানামা ম্য়াচের ভেন্যু প্রাথমিকভাবে ঘোষণা করা না হলেও পরবর্তীতে সেই ম্য়াচের ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে৷

উরুগুয়ের কোচ ফোরলান খেলেছেন ভারতে

উরুগুয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও বিশ্ব ফুটবলের অন্যতম বড় দল হিসেবে এখনও তাদের গুরুত্ব অটুট। গ্রুপ এইচ-এ তৃতীয় হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল লা সেলেস্তেকে। সৌদি আরবের সঙ্গে ড্র, বিশ্বকাপের অভিষেককারী কেপ ভার্দের বিরুদ্ধেও ড্র এবং শেষ ম্যাচে গ্রুপের শীর্ষে থাকা স্পেনের কাছে ০-১ গোলে হারের পর তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়। এই ম্যাচে ভারতের সঙ্গে উরুগুয়ের একটি মজার যোগসূত্রও রয়েছে। উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান ২০১৬ সালে ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসির হয়ে খেলেছিলেন। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বরে রয়েছে উরুগুয়ে। ফলে ঘরের মাঠে ভারতের সামনে আরও একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে।

এক উইন্ডোয় ৩ বিশ্বকাপ দলের বিরুদ্ধে ভারত

ভারতীয় ফুটবলের জন্য অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো হতে চলেছে একেবারেই ব্যতিক্রমী। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা তিন দেশ, পানামা, ব্রাজিল এবং উরুগুয়ে, মাত্র ১০ দিনের মধ্যে ভারতের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে। ২৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের এই পর্ব শুরু হবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ। তার তিন দিন পর, ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে ভারত। অর্থাৎ, বিশ্বকাপের কয়েক মাসের মধ্যেই সেই টুর্নামেন্টে খেলা তিন দলের বিরুদ্ধে নিজেদের শক্তি যাচাই করার সুযোগ পাবে ভারতীয় দল।

Advertisement

ভারতের হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে বিতর্ক

উরুগুয়ের নাম ঘোষণার সময়েই ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। ৩ অক্টোবরের ম্যাচের আগে সল্টলেক স্টেডিয়ামের মাঠের মান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে ব্রাজিলকে কলকাতায় খেলাতে কত খরচ হচ্ছে, তা নিয়েও চলছে জোর আলোচনা। এর মধ্যেই সূচিতে উরুগুয়ের সংযোজন ভারতের সামনে আরও একটি বড় ম্যাচ এনে দিয়েছে। অর্থাৎ কলকাতায় পরপর দুই ম্যাচে বিশ্বের দুই বিশ্বচ্যাম্পিয়ন দেশের মুখোমুখি হবে ভারত, ব্রাজিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন, আর উরুগুয়ে দু’বারের।

ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য তাই এখন অপেক্ষার তালিকায় তিনটি বড় দিন। ২৬ সেপ্টেম্বর পানামা, ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ে। এর মধ্যে শেষের দুটি ম্যাচই হবে কলকাতায়।

Read more!
Advertisement
Advertisement