
IPL জিতে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। তবে আলোচনার কেন্দ্রে এখনও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। তাঁর দুর্দান্ত ব্যাটিং দেখে গোটা পৃথিবী মুগ্ধ। সেই তালিকায় রয়েছেন শিল্পপতি এবং লখনউ সুপার জায়ান্টস (LSG)-এর মালিক সঞ্জীব গোয়েঙ্কার (Sanjeeb Goenka) বৈভবকে নিয়ে করা একটি বিশেষ পোস্ট এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। গোয়েঙ্কা বৈভবের একটি পুরোনো ছবি শেয়ার করে তাঁর কঠিন সময়ের কথা মনে করিয়ে, অসাধারণ জার্নির কথা স্মরণ করেছেন।
সঞ্জীব গোয়েঙ্কা তাঁর পোস্টে লিখেছেন, 'নয় বছর আগে, ও গ্যালারিতে বসে রাইজিং পুনে সুপারজায়ান্টসের ফ্যান ছিল। আজ, সে অরেঞ্জ ক্যাপ বিজয়ী হিসেবে আইপিএল ২০২৬ শেষ করেছে। কী অসাধারণ এক যাত্রা, বৈভব। গ্যালারির সেই ছোট্ট ভক্তটি এখন এই মরসুমের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হয়ে উঠেছে। এটি একটি স্পেশাল অ্যাচিভমেন্ট, এবং আমি নিশ্চিত যে ভারতীয় জার্সিতে তাঁর সামনে আরও অনেক মাইলফলক রয়েছে। এগিয়ে যাও, আমি তোমার জন্য গর্বিত।'
সঞ্জীব গোয়েঙ্কার শেয়ার করা ছবিতে ছোট্ট বৈভবকে বাবার কোলে চেপে স্টেডিয়ামে একটি ম্যাচ দেখতে দেখা যাচ্ছে। ম্যাচটি ২০১৭ সালের ৩ মে ইডেন গার্ডেন্সে রাইজিং পুনে সুপারজায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্সের মধ্যে খেলা হয়েছিল। স্টিভ স্মিথের নেতৃত্বাধীন রাইজিং পুনে সুপারজায়ান্টস ম্যাচটি ৪ উইকেটে জিতেছিল। রাইজিং পুনে সুপারজায়ান্টস ২০১৬ এবং ২০১৭ আইপিএল মরসুমে অংশ নিয়েছিল এবং দলটির মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। মহেন্দ্র সিং ধোনিও সেই দলের একজন সদস্য ছিলেন।
২০১৭ সালের মরসুমে যে 'ছেলেটি ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেত, সেই ছেলেটিই এখন আইপিএলের সবচেয়ে বড় তরুণ সুপারস্টার হয়ে উঠেছে। এই মরসুমে বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স পুরো ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে তিনি ১৬ ইনিংসে ৭৭৬ রান করেছেন। এই সময়ে তার স্ট্রাইক রেট ছিল ২৩৭.৩০। এবারের আইপিএল-এ তিনি ৭২টি ছক্কা মেরেছেন। মাত্র ১৫ বছর বয়সে বৈভব শুধু অরেঞ্জ ক্যাপই জেতেননি, বরং এমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন', 'মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন', 'সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন এবং সুপার সিক্সস অফ দ্য সিজন-এর মতো বড় বড় পুরস্কারও জিতেছেন।
রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৬-এর ফাইনালে পৌঁছাতে না পারলেও, বৈভব তাঁর ব্যাটিং দিয়ে টুর্নামেন্টে দাপট দেখিয়েছেন। তিনি কোয়ালিফায়ার ২-এ গুজরাত টাইটান্সের (GT) বিপক্ষে মাত্র ৪৭ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভক্তদের চমকে দিয়েছেন। গোয়েঙ্কার পোস্টটি বৈভবের গল্পকে আরও স্পেশাল করে তুলেছে। যে শিশুটি একসময় গ্যালারি থেকে আইপিএল দেখত, সে এখন বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগের অন্যতম উজ্জ্বল তারকা হয়ে উঠেছে।