
শনিবার যুবভারতীতে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। গত দুই ম্যাচের মধ্যে একটি হার ও একটি ড্রয়ের পর কেরল ম্যাচে ঘুরে দাড়াতে মরিয়া অস্কার বাহিনী। লিগ টেবিলে পয়েন্টের খাতা খুলতে না পারা কেরলের বিরুদ্ধে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ ইউসেফ এজ্জোরিদের কাছে। দলে চোট আঘাত সমস্যা পিছু ছাড়ছে না ইস্টবেঙ্গলের। সউল ক্রেম্পো সুস্থ হয়ে উঠলেও এবার চিন্তা আক্রমণ ভাগের ফুটবলার অ্যাস্টন সজবার্গকে নিয়ে।
বুধবার থেকেই মাঠের সাইডলাইনে অনুশীলন করছেন অ্যান্টন। ফলে কেরালার বিরুদ্ধে যে তিনি খেলবেন না তা একপ্রকার নিশ্চিত। সউল ফিট থাকলেও পুরে ১০ মিনিট খেলানোর ঝুঁকি নেবেন না কোচ। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে কোচ অস্কার কুঁজো বলেন, 'সউল কাল মাঠে নামবেন। শুরু করবে কিনা জানিনা, তবে কিছু সময় খেলতে পারবে।' কেভিন সিবিল্পের ম্যাচ ফিট হতে সময় লাগবে। লাল-হলুদ কোচ অস্কার বলেন, 'দুই দিন আগে যে শেষ মেডিক্যাল রিপোর্ট আমরা পেয়েছি, তাতে দেখা গিয়েচে কেভিনের চোটটা অনেকটাই সেরে উঠছে। অবস্থা আগের থেকে অনেক ভাল, তবে পেশির যে টান রয়েছে তা পুরোপুরি সেরে উঠতে এখনও প্রায় পাঁচ থেকে সাত দিন লাগবে। তারপর ওকে আবার রিহ্যাব শুরু করতে হবে। তাই ফিফা আন্তর্জাতিক বিরতির আগে কেভিনকে পাওয়ার আশা করবেন না। তবে আইএসএলের শেষ সাতটি ম্যাচে সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠবে।'
পাশাপাশি অস্কার যোগ করেছেন, 'আগামীকাল পাঁচ ম্যাচে ১০ পয়েন্টে পৌঁছানোর সুযোগ আছে, যার মানে হবে প্রতি ম্যাচে পড়ে দুই পয়েন্ট। তাই আমি আমার ধারণা বদলাব না। দলের ভেতরে আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি এবং আমাদের লক্ষ্য কী। আমরা টেবিলের উপরের দিকে শেষ করতে চাই। আরও ভাল হলে টপ সিক্সে শেষ করতে চাই। তার থেকেও ভাল হলে প্রথম পাঁচে।'
তিনি আরও বলেন, 'যেখানে আমরা এখন আছি। এর বাইরে যা বলা হচ্ছে সেগুলো অনেকটা স্বপ্ন বা গল্প-হয়ত ইচ্ছাকৃতভাবে দলকে বিভক্ত করা বা অস্থির করার চেষ্টা। কিন্তু দলের ভেতরে আমরা সেগুলোকে কোনও গুরুত্ব দিচ্ছি না। গত বছর আমি এখানে চতুর্থ ম্যাচের সময় এসেছিলাম, এবং প্রখম পয়েন্ট পেতে আমাদের ছয়টি ম্যাচ লেগেছিল। কিন্তু এই বছর চার ম্যাচে আমাদের সাত পয়েন্ট রয়েছে। আইএসএল ইতিহাসে এটা ইস্টবেঙ্গলের সেরা শুরু।'
এদিকে এই ম্যাচে পিত্তি বিষ্ণুকে নতুন অবতারে দেখা যেতে পারে। লেফট ব্যাকে খেলতে পারেন এই তরুণ উইঙ্গার, সেক্ষেত্রে লালচানুঙ্গাকে বসাবেন কোচ অস্কারন। রাইট ব্যাকে রাকিপ এবং সেন্টার ঝাকে আনোয়ার, জিকসন জুটি খেলবেন। তিন বিদেশির মিডফিল্ড জুটি মিগুয়েল-রশিদ-ক্রেম্পো, দুই উইংয়ে বিপিন ও মহেশ। সামনে ইউসেফ এজ্জেজ্জারি। এছাড়াও যদি ক্রেম্পো প্রথম একাদশে না শুরু করেন, তবে এডমুন্ডকে উইংয়ে খেলিয়ে, মহেশকে মাঝমাঠে দেখা যেতে পারে।