
সল ক্রেসপো আপাতত চোটের আওতায়। জামশেদপুরের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। পুরোপুরি ভাবে মাঠে ফিরতে ৭-১০ দিন। তবে দলের অধিনায়কের কঠিন সময়ে পাশেই থাকছেন কোচ অস্কার ব্রুজো। তিনি সময় দিতে চাইছেন সলকে। অনেকেই বলছেন অধিনায়কের সঙ্গে কোচের সম্পর্ক তলানিতে। বিষয়টায় যথেষ্ট ক্ষুব্ধ কোচ।
বুধবার অনুশীলনের আগে সলের সঙ্গে আলাদা করে বিষয়টি নিয়ে কথা বলেন অস্কার। উপস্থিত ছিলেন ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যও। সূত্রের খবর, তিনি সেখানে পরিষ্কার বার্তা দেন সল দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। চোটমুক্ত হলেই খেলবেন। দল জিতছে। এই মুহূর্তে কোনও ভাবেই যাতে ড্রেসিংরুমের অন্দরে কোনও সমস্যা তৈরি না হয়, সেদিকে কড়া দৃষ্টি অস্কারের।
অন্যদিকে, মঙ্গলবারের পর বুধবারও অনুশীলন করলেন না দলের সবথেকে গুরুত্বপূর্ণ ফুটবলার মিগেল ফিগেরা। যা নিয়ে আশঙ্কা বাড়ছে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। সূত্রের খবর, মিগেল ঘাড়ের ব্যথায় কাহিল। ঘাড় ঘোরাতেও কষ্ট হচ্ছে তাঁর। একটা বড় স্ট্র্যাপ বাঁধা। তবে মিগেল জানেন জামশেদপুর ম্যাচের গুরুত্ব। তাই ব্যথা কমানোর জন্য ইনজেকশন নিয়েছেন। যেভাবেই হোক মাঠে নামতে চান। বৃহস্পতিবার তাঁর দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করার কথা। তবে, ইস্টবেঙ্গল শিবিরের জন্য ভাল খবর এদিন টানা ৩০ মিনিট মতো প্রথম দলের সঙ্গে অনুশীলন করলেন মহেশ সিং।
দু'দলের অনুশীলন ম্যাচে মিগেলের জায়গায় খেললেন তিনি। তবে, শুক্রবার তাঁকে পরিবর্ত হিসেবে কিছু মিনিটের জন্য খেলাবেন কি না তা নিয়ে সিদ্ধান্ত হবে বৃহস্পতিবার অনুশীলনের পর। গত ম্যাচের দলে পরিবর্তন আসছে। এডমান্ড গত ম্যাচে খেলেছিলেন সেন্ট্রাল মিডফিল্ডে। সম্ভবত নন্দকুমারের জায়গায় তিনি খেলবেন রাইট উইংয়ে। ইস্টবেঙ্গল জার্সিতে অভিষেক হতে চলেছে অ্যান্টন সয়বার্গের। রশিদ, মিগেলদের সঙ্গে মাঝমাঠে খেলবেন তিনি। এছাড়া বাকি দল অপরিবর্তিত। বৃহস্পতিবার জামশেদপুর ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারবে ইস্টবেঙ্গল।
ভাল ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। এর মধ্যে আরেক স্ট্রাইকার সয়বার্গ যদি নিজেকে দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন তা হলে তো কোনও কথাই নেই।