
রবিবার দুপুরে ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গের ভোটের দিনক্ষণ। দু-দফায় এবারের নির্বাচনের দিন স্থির হয়েছে ২৩ ও ২৯ এপ্রিল। ফল ঘোষণা ৪ মে। ফল ঘোষণার ঠিক আগের দিন অর্থাৎ ৩ মে আইএসএলে কলকাতা ডার্বি। এমন পরিস্থিতিতে নির্বাচনী ফল ঘোষণার চব্বিশ ঘণ্টা আগে ডার্বিতে নিরাপত্তার জন্য পুলিশ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আপাতত দুটি পথ খোলা রয়েছে। এক ডার্বি অন্য রাজ্যে নিয়ে যাওয়া আর দ্বিতীয়ত ডার্বির দিন পরিবর্তন করা। নির্বাচনকে গুরুত্ব দিয়েই ডার্বির দিন পিছিয়ে যেতে পারে। তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর ১৭ মে ডার্বি হতে পারে।
এবারের আইএসএল সূচি তৈরি করেছেন ক্লাবের প্রতিনিধিরা। তারাই নিজেদের মধ্যে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। এদিন তিনি জানান, 'এবারের আইএসএলের সূচি ফেডারেশন তৈরি করেনি। তৈরি করেছে ক্লাবেরা। ওরাই ঠিক করবে এই পরিস্থিতিতে সূচি কী থাকবে। নিশ্চয় এই পরিস্থিতি নিয়ে আলোচনা করে ওরা ফেডারেশনকে জানাবে।' শুধুই ডার্বি ম্যাচ নয়। এই ভোট পর্বের মধ্যে কলকাতায় আরও কয়েকটি ম্যাচও রয়েছে।
২৩ এপ্রিল এ রাজ্যে প্রথম দফার ভোট। ঠিক তার পরের দিনই অর্থাৎ ২৪ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির ম্যাচ রয়েছে। ২৬ এপ্রিল আবার কলকাতায় রয়েছে মোহনবাগান বনাম ইন্টার কাশীর ম্যাচ। ঠিক তার দু'দিন পরে ২৮ এপ্রিল ইস্টবেঙ্গল বনাম ওড়িশা ম্যাচ রয়েছে যুবভারতীতে। ২৯ এপ্রিল এ রাজ্যে দ্বিতীয় দফায় ভোট। নির্বাচনের আগের দিন ইস্টবেঙ্গল-ওড়িশা ম্যাচ আয়োজনে পুলিশ পাওয়া নিয়ে সমস্যা দেখা দিলে ওই ম্যাচের দিনও পরিবর্তন হতে পারে। এর পরেই ৩ মে যুবভারতীতে ডার্বির দিন স্থির হয়ে রয়েছে। একইদিনে আবার কিশোরভারতীতে রয়েছে মহামেডান ও মুম্বই সিটি এফসির ম্যাচ।
এ রাজ্যের বিধানসভা ফল প্রকাশের ঠিক আগের দিন এই দুই ম্যাচে পুলিশ পাওয়া নিয়ে সংশয় দেখা দেওয়ায় ম্যাচ দুটির দিন বদল হতে পারে। এখনও ফেডারেশন থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি।