
আইএসএল শুরু হওয়ার পর এমন অবস্থা আগে কখনও হয়নি। ডার্বি হয়েছে, তবে মোহনবাগান সুপার জায়েন্টই এগিয়ে থেকে শুরু করেছে। ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়েই থেকেছে। তবে এবার দিনবদলের স্বপ্ন দেখছে লাল-হলুদ বাহিনী। ইতিহাসের চাকা উল্টো দিকে ঘোরাতে তৎপর অস্কার ব্রুজোর দল। অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল। ড্র করলেই খেতাবের কাছে আরও এক কদম এগিয়ে যাবে ইস্টবেঙ্গল।
কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
টিভিতে ম্যাচ ফ্রিতে দেখা যাবে। সেক্ষেত্রে সোনি টেন টুতে দেখতে পাবেন ম্যাচ। আর লাইভ স্ট্রিমিং হবে ফ্যান কোডে। সেক্ষেত্রে যদিও সাবস্ক্রাইব করতে হবে। আইএসএল-এর সব ম্যাচ সাবস্ক্রাইব করতে পারেন, আবার শুধু এই ম্যাচটাও সাবস্ক্রাইব করতে পারেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে এই ম্যাচ। এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ফ্যানক্লাব ডার্বি বড় পর্দায় দেখানোর ব্যবস্থা করেছে। ফলে সব মিলিয়ে আরও একবার ডার্বি জ্বরে কাঁপছে গোটা শহর কলকাতা।
কেমন হতে পারে দুই দল?
দুই দল এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চেনা ছন্দে নেই। ইন্টার কাশীর বিরুদ্ধে ড্র করেছে মোহনবাগান। এর আগে মোহনবাগান, এফসি গোয়ার বিরুদ্ধেও ১-১ গোলে ড্র করেছে। অন্যদিকে ইস্টবেঙ্গল 0-0 গোলে ড্র করেছে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে। ফলে গোলের খোঁজে থাকবে দুই দলই। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে দুই দলেই বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। দুই দলের অনুশীলনেও একই চিত্র পরিস্কার হয়েছে।
ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ- প্রভসুকান সিং গিল, আনোয়ার আলি, কেভিন সিবিলে, জয় গুপ্তা, মহম্মদ রাকিপ, জিকশন সিং, মহম্মদ রাশিদ, মিগুয়েল ফিগুয়েরা, বিপিন সিং, পিভি বিষ্ণু ও ইয়ুসেফ এজ্জেজারি।
মোহনবাগানের সম্ভাব্য একাদশ- বিশাল কাইত (গোলকিপার), টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, শুভাশিস বসু (ক্যাপ্টেন), অভিষেক সূর্যবংশী, অনিরুদ্ধ থাপা, আপুইয়া রালতে, লিস্টন কোলাসো, মনবীর সিং, জেসন কামিন্স, জেমি ম্যাকলরেন।
দুই দলের প্রচুর সমর্থক মাঠে আসছেন ম্যাচ দেখতে। প্রায় ৬৭,০০০ টিকিট দুই দিনের মধ্যেই শেষ হয়ে গিয়েছে। টিকিটের হাহাকার শহরজুড়ে। টিকিট ব্ল্যাকের অভিযোগও সামনে এসেছে।