Advertisement

ISL 2026 Mohun Bagan Super Giant: পিছিয়ে পড়েও জয়, ২ নম্বরে দল, তবুও কেন খুশি নন মোহনবাগান কোচ?

ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়, তবুও দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন কোচ সের্জিও লোবেরা। অন্যদিকে, ব্যক্তিগত শোক বুকে চেপে মাঠে নেমে গোল করে তা সদ্য প্রয়াত দিদাকে উৎসর্গ করলেন তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।

জেমি ম্যাকলরেন ও সের্জিও লোবেরাজেমি ম্যাকলরেন ও সের্জিও লোবেরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2026,
  • अपडेटेड 1:37 PM IST

ঘরের মাঠে পঞ্জাব এফসির বিরুদ্ধে কঠিন লড়াইয়ে তিন পয়েন্ট তুলে নিল মোহনবাগান সুপার জায়েন্ট। ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয়, তবুও দলের পারফরম্যান্সে একেবারেই খুশি নন কোচ সের্জিও লোবেরা। অন্যদিকে, ব্যক্তিগত শোক বুকে চেপে মাঠে নেমে গোল করে তা সদ্য প্রয়াত দিদাকে উৎসর্গ করলেন তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন।

ম্যাচ শেষের সাংবাদিক সম্মেলনে এসে দলের পারফরম্যান্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেন কোচ লোবেরা। তিনি বলেন, 'পেশাদার কোচ হিসেবে বিশ্লেষণ করলে, আজকের ম্যাচের একমাত্র ভালো দিক হল ফলাফল। আমরা তিন গোল করেছি ঠিকই, কিন্তু আমরা ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারিনি।' তিনি আরও যোগ করেন, প্রতিপক্ষ দল বেশ কয়েকটি পরিষ্কার সুযোগ পেয়েছিল। ফলে এইভাবে খেলা চালিয়ে গেলে লিগ জেতা কঠিন হবে।

মাঝমাঠে আপুইয়ার অভাব অনুভূত হলেও, কোচ একে অজুহাত হিসেবে খাড়া করতে নারাজ। তাঁর মতে, প্রতিপক্ষের চেয়ে তাঁদের স্কোয়াড অনেক বেশি শক্তিশালী এবং দলে কোনও অজুহাতের জায়গা নেই। তবে বেঞ্চ থেকে পরিবর্ত হিসেবে নেমে সাহাল আব্দুল সামাদ এবং জেসন কামিন্সের গুরুত্বপূর্ণ গোল পাওয়া নিয়ে তিনি দারুণ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে দলের ডিফেন্ডার আলবার্তোর গোড়ালিতে চোট রয়েছে এবং সোমবার মেডিকেল টিমের আপডেটের পর চোটের গভীরতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে লোবেরা জানিয়েছেন। পাশাপাশি, মনবীরের জায়গায় দিমিত্রি পেত্রাতোসকে নামানো প্রসঙ্গে কোচ জানান যে তিনি আক্রমণে তিনজন বিদেশি খেলোয়াড় খেলাতে চেয়েছিলেন।

সাংবাদিক সম্মেলনে এসে নিজের ব্যক্তিগত শোকের কথা জানান ম্যাচের সেরা জেমি ম্যাকলারেন। আবেগপ্রবণ গলায় তিনি বলেন, 'গতকাল মেলবোর্নে আমার দিদা মারা গিয়েছেন। আমি মানসিকভাবে অত্যন্ত বিপর্যন্ত ছিলাম, কিন্তু দলের সতীর্থরা ও ক্লাব আমাকে মাঠে নামতে সাহায্য করেছে। আমি জানি উনি আজ উপর থেকে খেলা দেখেছেন এবং আমার গোলগুলো দেখেছেন।'

বেশ কয়েক ম্যাচ গোল না পাওয়ার পর এই গোল তাঁর আত্মবিশ্বাস বাড়াবে বলে জানান ম্যাকলারেন। মোহনবাগানের মতো বড় দলের হয়ে খেলার চাপ প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই বলছিল মোহনবাগান আর আগের মতো শক্তিশালী নেই, তবে এই জয়ে তারা সমালোচকদের ভুল প্রমাণ করেছে। ২-১ গোলে পিছিয়ে পড়ার পরেও দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা গত বছরের চ্যাম্পিয়ন দলের মানসিকতারই আসল প্রতিফলন বলে মনে করেন তিনি।

Advertisement

সতীর্থ জেসন কামিন্সের দুরস্ত ফ্রি-কিক গোলের প্রশংসাও শোনা যায় ম্যাকলারেনের মুখে। কামিন্সকে দলের অত্যন্ত মজাদার চরিত্র আখ্যা দিয়ে তিনি বলেন, ওই গোলটা কামিন্সের খুব দরকার ছিল। ম্যাকলারেন মনে করেন, ভাগ্য কিছুটা সঙ্গ দিলেও দলের এই জয় সম্পূর্ণ প্রাপ্য ছিল এবং এই মুহূর্তে তারা লিগ টেবিলে মুম্বইয়ের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে।

Read more!
Advertisement
Advertisement