
লিগ টেবিলেরত যা পরিস্থিতি তাতে প্রত্যেক ম্যাচই ফাইনাল। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে দুরন্ত জয়ের পর আত্মত্মবিশ্বাসে ফুটছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১৯ এপ্রিল গুয়াহাটিতে তাদের পরবর্তী প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই অ্যাওয়ে ম্যাচের আগে প্র্যাক্টিসে ফিরলেন আলবার্তো রড্রিগেজ। যা এই মুহূর্তে মেরিনার্সদের জন্য দারুণ খুশির খবর।
দলের জন্য একটি বড় স্বস্তির খবর হলো, ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেজের মাঠে ফেরা। এদিন ড্রেসিংরুমে ফিজিওর কাছে রিহ্যাব করার পর মাঠে নেমে তাকে জগিং করতে দেখা যায়। নর্থইস্টের বিরুদ্ধে তাকে না পাওয়া গেলেও, গোয়া ম্যাচে তিনি হয়তো ফিট হয়ে উঠবেন।
চোট-আঘাতের কিছু দুশ্চিন্তা থাকলেও, দুর্বল নখইস্টের বিরুদ্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে পুরো তিন পয়েন্ট তুলে নিতে মরিয়া কোচ সের্জিও লোবেরা। অনুশীলনে এদিন মুলত ফিজিক্যাল ট্রেনিং, স্প্রিন্ট এবং রন্ডোর পর 'প্রেসিং ফুটবল'-এর ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়। ছোট জায়গায় বল ধরে রেখে কিভাবে প্রতিপক্ষের ওপর দ্রুত চাপ সৃষ্টি করা যায়, সেই কৌশলই বারবার অভ্যাস করেন ফুটবলাররা। এরপর পুরো দলকে দুটি ভাগে ভাগ করে চলে সিচুয়েশন প্র্যাকটিস'।
এদিন অনুশীলনে বিভিন্ন ফর্মেশন ও কম্বিনেশন পরীক্ষা করে দেখেন তিনি। কখনো উইংয়ে দেখা যায় জেমি ম্যাকলারেনকে, আবার কখনো ফরোয়ার্ডে উঠে আসেন সুহেল ভাট। সেন্ট্রাল ডিফেন্সে টম অলড্রেডের সঙ্গে দীপেন্দু বিশ্বাস এবং অপর প্রান্তে মেহতাব সিংয়ের সঙ্গে দীপক টাংরিকে জুটি বাঁধতে দেখা যায়। নর্থইস্টের বিরুদ্ধে হয়তো অলড্রেড-মেহতাব জুটির ওপরই রক্ষণভাগের মূল দায়িত্ব থাকতে চলেছে।
দলের চোট-আঘাত নিয়ে মিশ্র খবর রয়েছে। সাইডলাইনে এদিনও রিহ্যাব করতে দেখা যায় আশিস রাই এবং মিডফিল্ডার আপুইয়াকে। গুয়াহাটির বিমানে হয়তো আপুইয়ার ওঠা হবে না, তাঁকে পরবর্তী গোয়া ম্যাচের জন্য প্রস্তুত করার চেষ্টা চলছে।
আগামী ম্যাচের প্রথম একাদশ সাজাতে গিয়ে মধুর সমস্যায় পড়েছেন লোবেরা। আক্রমণে জেমি ম্যাকলারেন এবং উইংয়ে রবসন রবিনহোর থাকা একপ্রকার নিশ্চিত হলেও, ম্যাকলারেনের সঙ্গী হিসেবে কে শুরু করবেন তা নিয়ে চরম দ্বিধায় কোচ। গত ম্যাচে একটি দুর্দান্ত গোল (যদিও তা নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে) করে নিজের জাত চিনিয়েছেন জেসন কামিংস। অন্যদিকে, গত মরশুমের নায়ক দিমিত্রি পেত্রাতোস এই মুহূর্তে একেবারেই চেনা ছন্দে নেই। ফলে শুরু থেকে ছন্দে থাকা কামিংসকে খেলানো হবে, নাকি পেত্রাতোসের ওপরই ভরসা রাখা হবে- সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় থিঙ্ক ট্যাঙ্ক।
নর্থইস্ট ইউনাইটেডের সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নয়। টানা হার এবং ড্রয়ের জেরে তারা ব্যাকফুটে। এই সুযোগটাই পুরোপুরি কাজে লাগাতে চায় মোহনবাগান। আক্রমণাত্মক ও প্রেসিং ফুটবলের জাল বুনে গুয়াহাটি থেকে জয় ছিনিয়ে আনাই এখন একমাত্র লক্ষ্য সবুজ-মেরুণ শিবিরের।