
লিগ টেবিলের শীর্ষস্থানে জাঁকিয়ে বসার লড়াই মোহনবাগান সুপার জায়েন্টের। সামনে মুম্বই। কঠিন ম্যাচ। এই ম্যাচ বের করতে গেলে ডিফেন্স থেকে আক্রমণ, প্রথম একাদশ থেকে রিজার্ভ বেঞ্চ-পুরোটাই বেঁধে ফেলতে হবে এক সুতোয়। সবাইকে পালন করতে হবে সেই ভূমিকা। সেই কারণেই সের্জিও লোবেরা সতর্ক। রবসন ফিট, তবে চিন্তা আলবার্তোকে নিয়ে।
বেঙ্গালুরুর বিরুদ্ধে পয়েন্ট নষ্ট হয়েছে আগের ম্যাচে। তবে বাগান অনুশীলনে চাপের লেশমাত্র নেই। বরং বরাবরের মতো খোলামেলা, হাসিখুশি মেজাজ। রবসন রবিনহো চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ। বৃহস্পতিবার পুরোদমে অনুশীলন করলেন। প্রথম একাদশে ফেরার যথেষ্ট সম্ভাবনা আছে। আলবার্তো রডরিগেজ শুরু থেকে অনুশীলনে থাকলেও, শেষে মূল অনুশীলনের সময় বাইরে ছিলেন। তবে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁকে বাইরে রাখার ঝুঁকি লোবেরা নেন কিনা সেটাই দেখার। চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের সকালে। কোচ যদিও জানিয়ে গেলেন দু'জনেই ফিট।
মুম্বই মোহনবাগানের চিরকালীন শক্ত গাঁট। সেটা অজানা নয় কোচের। এই কঠিন ম্যাচের আগে তিনি বলছেন, 'আমরা সব সময় জেতার মানসিকতা নিয়েই নামি। আগের ম্যাচে মনে হয়েছে আমরা জিততে পারতাম। তাই সেটা আমার কাছে দু'পয়েন্ট খোয়ানো। এবার এই ম্যাচটা আমাদের জিততেই হবে। আইএসএলের ব্রেকের আগে টেবিলের শীর্ষে শেষ করতে চাই। বাকিদের থেকে ব্যবধান বাড়াতে চাই। আবার মুম্বই জিতলে ওরা শীর্ষে উঠবে। যথেষ্ট ভাল দল ওদের। জনি কাউকোর মতো ফুটবলার রয়েছে। জিততে গেলে আমাদের সেরাটাই দিতে হবে।' গত ম্যাচে অনেক সুযোগ তৈরি হওয়ার পরেও গোল আসেনি। মুম্বইয়ের বিরুদ্ধে সেই সমস্যা মেটাতে মরিয়া লোবেরা।
মুম্বই কোচ পিটার ক্যাটকি মোহনবাগানকে সমীহ করছেন। তাঁর সামনেও কিন্তু এই ম্যাচ জিতে শীর্ষে যাওয়ার হাতছানি। তিনি বলছেন, 'মোহনবাগান ভাল দল। দুরন্ত ফর্মে রয়েছে। ঘরের মাঠে ওরা নামবে। তবে মোহনবাগানকে হারানো যায় না সেটা বিশ্বাস করি না। আমরা জেতার জন্যই নামব। ফুটবলারদের উপর ভরসা রয়েছে।' গত ম্যাচে লাল কার্ড দেখায় বাগানের বিরুদ্ধে নেই ভালপুইয়া। চোটের জন্য নেই ব্রেন্ডন ফার্নান্ডেজও। গত ম্যাচে চোট পেয়েছিলেন জর্জ অর্টিজ। এদিন মুম্বই দলের সঙ্গে অনুশীলন করলেও পায়ে বরফ বেঁধে মাঠ ছাড়েন।