
শনিবার বিরতির পর রবিবার আবারও শুরু মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) অনুশীলন। জামশেদপুর এফসির (Jamshedpur FC) বিরুদ্ধে নামার আগে নিজেদের ভালমত ঝালিয়ে নিচ্ছে সবুজ-মেরুণ ব্রিগেড। এদিন মূলত সেট পিসের উপর জোর দিলেন মোহনবাগান কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)। তবে সবুজ-মেরুন সমর্থকদের জন্য সবচেয়ে স্বস্তির খবর, অনুশীলনে যোগ দিয়েছেন আশিস রাই।
দলে যোগ দিলেন জেমি-আশিস
ছুটির পর এদিন অনুশীলনে যোগ দিলেন জেমি ম্যাকলারেনও। পুরোদমে দলের সঙ্গে অনুশীলন করলেন। অন্যদিকে সমর্থকদের স্বস্তি দিয়ে দলের সঙ্গে অনুশীলন করলেন দিমিত্রি পেত্রাতোস। যদিও খানিক সময়ে বাঁ পায়ে ব্যথা অনুভব করছিলেন দিমি। তবে সেই সমস্যা গুরুতর নয় বলেই সূত্রের দাবি। গোল করার ক্ষেত্রে ম্যাকলরনের দিকেই তাকিয়ে থাকবে গোটা দল। তাই তিনি দলের সঙ্গে যোগ দেওয়ায় স্বস্তি আরও বেড়েছে সমর্থকদের।
ডার্বি দেখতে পারলেন না মোহনবাগান ফুটবলাররা
এদিকে এদিনের অনুশীলনে দেখা যায় আশিস রাইকে। হাঁটুর চোটের কারণে এবারের আইএসএল থেকে ছিটকে যান আশিস। এই কারণে এতদিন চিকিৎসাধীন ছিলেন এই সাইডব্যাক। তবে। সেসব কাটিয়ে রবিবার অনুশীলনে আসেন তিনি। যদিও মাঠে নামতে দেখা যায়নি আশিসকে।
এদিন যুবভারতীর হকি গ্রাউন্ডে যখন ডার্বি চলে, তখন অনুশীলনের আগে তা দেখতে চলে এসেছিলেন দুই সহকারী কোচ বাস্তব রায় ও দেওগ্রাসিয়া মার্কেজ এবং গোলকিপার কোচ অভ্র মন্ডল। এছাড়া অনুশীলনে আসার সময়ে খানিকক্ষণ খেলা দেখেন মেহতাব সিং। আক্ষেপ করছিলেন, যদি ডার্বিটা সন্ধ্যেবেলা হত, তাহলে পুরোটা দেখতে পারতেন। তবে মোহনবাগানের ডার্বি জেতার খবরে উচ্ছাস দেখা গিয়েছে দলের ফুটবলরদের মধ্যে।
প্রসঙ্গত, হকি ডার্বিতে ৪-১ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে শীর্ষে চলে গিয়েছে মোহনবাগান। আইএসএল-এ পরপর দুই ম্যাচ পয়েন্ট নষ্ট করে দুই নম্বরে নেমে আসতে হয়েছে মোহনবাগানকে। এখন লড়াই লিগ জেতার অন্যতম দাবিদার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে এই ম্যাচে জয় পেলে, দল অনেকটাই ঘুরে দাঁড়াবে বলে আশাবাদী সবুজ-মেরুন শিবির। আর সে জন্যই কি হকি দলের থেকে অনুপ্রেরণা নিচ্ছেন মেহতাব সিংরা?