
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদন পত্রপাঠ খারিজ করে দিল জর্জিয়া মেলোনির ইতালি। ট্রাম্প চেয়েছিলেন, ইরানকে সরিয়ে ইতালিকে FIFA World Cup 2026-এ আনা হোক। কিন্তু ইতালি যোগ্যতাই অর্জন করতে পারেনি বিশ্বকাপ খেলার। ট্রাম্প এই মর্মে ইতালিতে দূতও পাঠিয়েছিলেন। ট্রাম্পের দূত ইতালিয়ান-আমেরিকান ব্যবসায়ী পাওলো জ্যাম্পোলিকে ইতালির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এই ভাবে বিশ্বকাপ খেলতে রাজি নয় ইতালি। লড়াই করে যোগ্যতা অর্জন করতে পারেনি। ইরানের পরিবর্তে খেলতে রাজি নয়।
ট্রাম্পের প্রস্তাবে নিন্দার ঝড়
জাম্পোলি বলেন, 'আমি ইতালিতে জন্মেছি, আর মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে আজ্জুরিদের খেলতে দেখা আমার কাছে স্বপ্নের মতো। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে তাদের ঐতিহ্য রয়েছে, যা এই টুর্নামেন্টে অংশ নেওয়ার যোগ্যতা দেয়।' তবে ইতালির ক্রীড়া প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইতিহাস বা সাফল্যের ভিত্তিতে নয়, শুধুমাত্র যোগ্যতা অর্জনের মাধ্যমেই বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উচিত।
এই ধরনের প্রস্তাব অত্যন্ত অপমানজনক
ফুটবল বিশ্বকাপ কিংবা ইতালির ফুটবলের সঙ্গে জ্যাম্পোলির কোনও সম্পর্কই নেই। হঠাত্ জাম্পোলির প্রস্তাব বিরক্ত ইতালি। সরকারের তরফে কড়া বিবৃতিতে জানানো হয়েছে, এই ধরনের প্রস্তাব অত্যন্ত অপমানজনক। ট্রাম্পের প্রস্তাবে নিন্দার ঝড় ইতালির ক্রীড়া মহলেও। ইতালির অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট লুসিয়ানো বউনফিগলোর কথায়, 'প্রথমত আমি মনে করি না, এটা সম্ভব। দ্বিতীয়ত, খুবই বিব্রতকর। কারণ, বিশ্বকাপে খেলতে গেলে যোগ্যতা অর্জন করতে হয়।'
ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি বলেন, 'এটা ঠিক নয়। মাঠে যোগ্যতা অর্জন করেছে ইরান। এই ধরনের কনসেপ্ট লজ্জাজনক।'এই প্রস্তাব শুধু ইতালির সরকারই নয়, ক্রীড়াজগতের অভিজ্ঞ ব্যক্তিরাও খারিজ করে দিয়েছেন। প্রাক্তন ইতালি কোচ গিয়ানি ডে বিয়াসি স্পষ্ট জানিয়ে দেন, এমন কোনও পরিস্থিতি তৈরি হলেও ইতালিকে জায়গা দেওয়া যুক্তিযুক্ত নয়। তাঁর মতে, যদি কখনও ইরান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় বা বাদ পড়ে, তাহলে নিয়ম অনুযায়ী সেই শূন্যস্থান পূরণ করা উচিত এশিয়ার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্য থেকেই।
তিনি আরও বলেন, 'ইতালির মতো দেশের এমন বিষয়ে বাইরের কোনও রাজনৈতিক সমর্থনের প্রয়োজন নেই। আমরা নিজেরাই নিজেদের সামলাতে পারি।' এই মন্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার করে দেন, ফুটবলের মতো খেলায় রাজনৈতিক হস্তক্ষেপ কাম্য নয় এবং যোগ্যতার ভিত্তিতেই অংশগ্রহণ হওয়া উচিত।
ট্রাম্পের প্রস্তাব খারিজ করেছে FIFA
ইরানের না খেলা নিয়ে বা ইরানের উপর নিষেধাজ্ঞা নিয়ে কোনও রকম ইঙ্গিত বা আলোচনা সামনে আসেনি। ফুটবল বিশ্বকাপে এই নিয়ে টানা চতুর্থবার যোগ্যতা করল ইরান। FIFA জানিয়েছে, বিশ্বকাপে ইরানের উপস্থিতিকে পূর্ণ সমর্থন করা হচ্ছে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বলেন, 'ইরান খেলতে আসছে, আমরা নিশ্চিত। ওরা সত্যিই খেলতে চায়, ওদের খেলা উচিত। খেলা সর্বদা রাজনীতির বাইরে।'