
১৬ বছর পর বিশ্বকাপ জিতল স্পেন। তবে আর্জেন্টিনা ম্যাচ হারলেও গার্ড অফ অনার পেলেন লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্টিনা ব্রিগেড। অন্যদিকে, ম্যাচ হারার পরে মাঠেই ১৯ বছরের ইয়ামালকে জড়িয়ে ধরলেন আর্জেন্টাইন তারকা। সেই ছবি এখন ইন্টারনেটে ভাইরাল। এই এক ছবিই যেন বলে দিচ্ছে ফুটবল বিশ্বে দিন বদলের গল্প।
রবিবার ফাইনাল ম্যাচে নিঃসন্দেহে আধিপত্য দেখিয়েছে স্পেন। যদিও নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্যই। শেষে অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে স্পেন ১-০ গোলে এগিয়ে যায়। পেদ্রো পোরোর ডান পায়ের চমৎকার ক্রসকে হেড করে বক্সের মাঝখানে ফিরিয়ে দেন নিকো উইলিয়ামস। আর ফেরান তোরেস সঠিক সময়ে সঠিক জায়গায় এসে বাঁ পা দিয়ে জোরালো শটে গোল করেন। যা নির্ধারণ করে দেয় ম্যাচের ভবিষ্যৎ। সেই গোল আর শোধ করতে পারেনি লিওনেল স্কালোনির ব্রিগেড। ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরাই রয়ে গেল মেসির।
ম্যাচ শেষের ফাইনাল বাঁশি বাজতেই দেখা যায় কান্নায় ভেঙে পড়েছেন ফুটবলের জাদুকর। এরপর দেখা যায় ইয়ামালকে জড়িয়ে ধরেছেন লিওনেল মেসি। কিছুক্ষণ কথাও বলেন তাঁরা। ২০০৭ সালে তাঁদের সেই আইকনিক ইউনিসেফ ফটোশুট ফের একবার ফুটবলপ্রেমীদের স্মৃতিতে ফিরে আসে। একদিকে ৩৯ বছরের লিওনেল মেসি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা, অন্যদিকে, ১৯ বছরের তরুণ তুর্কি ইয়ামালের শিরোপা জয়। দু'জনের এই আলিঙ্গনের ছবিই যেন বলে দেয়, 'তোমার হল শুরু, আমার হল সারা...।'
মেসিদের গার্ড অফ অনার দিল স্পেন
এদিন ম্যাচ হারার পরও গার্ড অফ অনার পেলেন লিওনেল মেসি-সহ গোটা আর্জেন্টাইন টিম। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের দীর্ঘ ও গৌরবময় ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই স্পেনের খেলোয়াড়রা এই সম্মান প্রদর্শন করেছেন।
আসলে ৩৯ বছর বয়সে এসেও লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে যে খেলা দেখিয়েছেন, তা কার্যত অবিশ্বাস্য। বিশ্বকাপ জুড়ে ৮টি গোল ও বেশ কয়েকটি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি। তবে, স্পেনের এই গার্ড অফ অনার দেওয়াই প্রমাণ করে লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব। কেন তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।