
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ (FIFA World Cup 2026) ইতিহাস লিখলেন উরুগুয়ের উইঙ্গার মেক্সিমিলিনো আরাউজো (Maximiliano Araujo)। আর সেই ইতিহাসে জুড়ে গাল ভারতের নাম। গ্রুপ H-এর উদ্বোধনী ম্যাচে সৌদি আরবের (Saudi Arabia) বিপক্ষে ৮০ মিনিটে দুরন্ত গোল করে তিনি হয়ে উঠলেন ফিফা বিশ্বকাপের মঞ্চে গোল করা প্রথম ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, এবং আরাউজোর এই গোলই মার্সেলো বিয়েলসার দলকে হার থেকে বাঁচায়।
কে এই মেক্সিমিলিনো আরাউজো?
২৬ বছর বয়সী মেক্সিমিলিনো আরাউজোর শিকড় ভারতের গোয়ায়। সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, তাঁর দাদু রেদুয়ালদো আরাউজো দক্ষিণ গোয়ার লুটোলিম গ্রামের বাসিন্দা ছিলেন। উন্নত জীবনের খোঁজে তিনি গোয়া ছেড়ে প্রথমে অ্যাঙ্গোলা, পরে ব্রাজিল হয়ে উরুগুয়ের রিভেরায় থিতু হন। সেখানেই জন্ম মেক্সিমিলিনোর। লুটোলিম গ্রাম বিখ্যাত কার্টুনিস্ট মারিও মিরান্ডার জন্মস্থান হিসেবেও পরিচিত।
ম্যাচের নায়ক আরাউজো
১৫ জুন ২০২৬, সৌদি আরব ৪১ মিনিটে আবদুল্লাহ আল-আমরির গোলে এগিয়ে যায়। উরুগুয়ে গোটা ম্যাচে ৬৭% বল দখলে রেখে ২৮টি শট নেয়, দ্বিতীয়ার্ধেই নেয় ২২টি শট—যা ১৯৭৪ সালের পর বিশ্বকাপের এক অর্ধে কোনো দলের সর্বোচ্চ। কিন্তু সৌদি গোলরক্ষক মহম্মদ আল-ওয়াইস একের পর এক সেভ করে উরুগুয়েকে আটকে রাখেন। শেষমেশ ৮০ মিনিটে বক্সের ভেতর রিবাউন্ড থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে সমতা ফেরান আরাউজো।
ভারতীয় ফুটবলের জন্য কেন গুরুত্বপূর্ণ?
স্পোর্টিং সিপির এই উইঙ্গার ২০২৩ সালে উরুগুয়ে জাতীয় দলে অভিষেক করেন। এরপর ১৪ ম্যাচে ৪ গোল করে দ্রুত দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। ২০২৪ কোপা আমেরিকায় ৬ ম্যাচে ২ গোল ছিল তাঁর। বিশ্বকাপের মঞ্চেও নিজের ছাপ রাখলেন প্রথম ম্যাচেই।
মেক্সিমিলিনোর গোল শুধু উরুগুয়ের জন্য এক পয়েন্ট নয়, ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের জন্যও এক মাইলফলক। এর আগে ১৯৩৬ সালে মহম্মদ সেলিম প্রথম ভারতীয় হিসেবে ইউরোপের ক্লাব সেল্টিকে খেলেছিলেন। কিন্তু বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে গোল করার কৃতিত্ব এই প্রথম। গোয়ার ফুটবলমহল থেকে শুরু করে গোটা ভারতীয় সমর্থকদের কাছে আরাউজোর এই সাফল্য নতুন স্বপ্ন দেখাচ্ছে।
উরুগুয়ের পরের ম্যাচগুলোতেও নজর থাকবে ‘গোয়ান-অরিজিন’ মেক্সিমিলিনোর দিকে। তাঁর পায়ের জাদু হয়তো আরও অনেক ভারতীয় বংশোদ্ভূত কিশোরকে ফুটবলার হওয়ার সাহস জোগাবে।