
কলকাতা লিগের নতুন মরসুম শুরু হতেই নিজেদের পুরনো ঐতিহ্য ফিরে পেতে তৈরি মোহনবাগান সুপার জায়েন্ট। গত কয়েক বছরে এই প্রতিযোগিতায় প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার শুরু থেকেই পরিকল্পনা সাজিয়েছে সবুজ-মেরুন শিবির। সোমবার মামনি পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মোহনবাগান।
তার আগে রবিবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন কোচ বাস্তব রায় এবং তাঁর ফুটবলাররা। এবারের দলে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল রেখেছে মোহনবাগান। সিনিয়র দল থেকে সুহেল ভাট, কিয়ান নাসিরি ও দীপেন্দু বিশ্বাসের মত ফুটবলারদের পাশাপাশি ইস্টবেঙ্গল থেকে দলে আনা হয়েছে সায়ন বন্দোপাধ্যায়কে। যোগ দিয়েছেন কলকাতা ময়দানের পরিচিত মুখ তন্ময় ঘোষও। লিগ শুরুর অনেক আগেই অনুশীলন শুরু করে দিয়েছে দল। এদিন পাসিং, ফিনিশিং এবং ম্যাচ পরিস্থিতি নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলন করেন ফুটবলাররা।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে বাস্তব রায় বলেন, 'এই মুহূর্তে আমি চ্যাম্পিয়নশিপের কথা ভাবছি না। না হলেও প্রথম তিন দলের মঞ্চে থেকে পরের রাউন্ডে যাওয়াই এখন মূল লক্ষ্য আমার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহনবাগানে যোগদান নিয়ে সায়ন বন্দোপাধ্যায়ও স্পষ্ট করে দেন, 'আমি প্রফেশনাল ফুটবলার। ফুটবলারদের জীবনে এমন পরিবর্তন হতেই থাকে। গোলের লক্ষ্য নিয়েও আত্মবিশ্বাসী তিনি। সায়নের কথায়, 'ইস্টবেঙ্গলের হয়ে যত গোল করেছি, তার থেকে অন্তত একটি বেশি গোল এবার করতে চাই।'
মোহনবাগানে যোগ দেওয়ার পর থেকেই দাদার মতো সায়নকে আগলে রেখেছেন শুভাশিস বসু। তিনি সিনিয়র দলের ক্যাপ্টেন। ফলে তাঁর পাশে থাকা উদবুদ্ধ করছে সায়নকে। এ প্রসঙ্গে তিনি বলেন, 'দাদ্য সবসময় সাহায্য করেন। কোথায় সমস্যা হচ্ছে জানতে চান এবং পরামর্শ দেন।' কলকাতা লিগে এবার বড় লক্ষ্য নিয়েই মাঠে নামছে মোহনবাগান। শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে শুরু থেকেই ছন্দে থাকতে মরিয়া সবুজ-মেরুন শিবির।