
একদিনের মধ্যে পরিস্থিতির আমূল পরিবর্তন না হলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে রবসন রবিনহোকে পাবে না মোহনবাগান সুপার জায়েন্ট। বৃহস্পতিবার সফরকারী ফুটবলারদের তালিকা জমা দেবেন বাগান কোচ সার্জিও লোবেরা। বুধবার পর্যন্ত যা খবর, সেই তালিকায় নাম থাকছে না ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। শুক্রবার সকালে অনুশীলন করে সেদিন বেলায় বেঙ্গালুরু উড়ে যাবে বাগান-ব্রিগেড। এবার সমস্যা মেহতাব সিং-কে নিয়েও।
ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে শেষ ম্যাচে ওড়িশার বিরুদ্ধে খেলতে পারেননি রবসন। আপাতত তিনি রিহ্যাবে আছেন। আগের থেকে অনেকটাই সুস্থ হলেও তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বাগানের থিঙ্কট্যাঙ্ক। দল বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়ার আগে অবস্থা বুঝে বল পায়ে অনুশীলন শুরু করতে পারেন তিনি। তিনি না খেললে তাঁর জায়গায় খেলবেন দিমিত্রি পেত্রাতোস।
এদিন অনুশীলনে আরও একটি দৃশ্য চিন্তা বাড়ানোর মতো। শুরুতে পুরোদমে অনুশীলন করলেও যখন দু'দলে ভাগ করে ম্যাচ খেলাতে শুরু করেন লোবেরা, তখন সাইডলাইনে চলে যান মেহতাব সিং। ফিটনেস কোচ সার্জিও গার্সিয়া ও ফিজিওর সঙ্গে কথাও বলেন এই তারকা ডিফেন্ডার। জানা গিয়েছে, শারীরিক অস্বস্তি বোধ করায় ঝুঁকি এড়াতে অনুশীলনের শেষ ভাগ বিশ্রাম দেওয়া হয় মেহতাবকে। গুরুতর কিছু নয় বলেই খবর। তবে তিনি বেঙ্গালুরু এফসি ম্যাচে খেলবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন।
পরপর ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। এবার তাদের লক্ষ্য সেই জায়গা ধরে রাখা। বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছে সবুজ-মেরুন। এর মধ্যেই যদি এই দুই তারকাকে না পাওয়া যায় তা হলে সমস্যায় পড়তে হতে পারে তাদের।
হার বাগানের
রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের জাতীয় পর্যায়ে এফসি গোয়ার কাছে ০-১ ব্যবধানে হারল সবুজ-মেরুনের ছোটরা। একমাত্র গোলটি কাব্য সুনীল কাটকারের করা। ম্যাচের শেষলগ্নে স্পটকিক থেকে সমতা ফেরাতে ব্যর্থ হয়েছেন বাগানের গুরনাজ সিং।