Advertisement

Mohun Bagan: ISL শুরুর আগে চেনা ছন্দে দিমিত্রি, প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক তারকার

ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র এক সপ্তাহ। আগামী ১৪ ফেব্রুয়ারি ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে মোহনবাগান। তার আগে দলকে পুরোপুরি ম্যাচ ফিট করে তুলতে কোনো খামতি রাখছেন না কোচ সের্জিও লোবেরা। শনিবার নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগানের 'টিম এ' এবং 'টিম বি'। যেখানে দিমিত্রি পেত্রাতোসের বিধ্বংসী হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পেল মোহনবাগানের 'টিম এ'।

দিমিত্রি পেত্রাতোসদিমিত্রি পেত্রাতোস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Feb 2026,
  • अपडेटेड 11:47 AM IST

ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়তে বাকি আর মাত্র এক সপ্তাহ। আগামী ১৪ ফেব্রুয়ারি ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অভিযান শুরু করছে মোহনবাগান। তার আগে দলকে পুরোপুরি ম্যাচ ফিট করে তুলতে কোনো খামতি রাখছেন না কোচ সের্জিও লোবেরা। শনিবার নিজেদের মধ্যেই একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগানের 'টিম এ' এবং 'টিম বি'। যেখানে দিমিত্রি পেত্রাতোসের বিধ্বংসী হ্যাটট্রিকে ৫-১ গোলে জয় পেল মোহনবাগানের 'টিম এ'।

এদিন নিজেদের মধ্যেই শক্তি ঝালিয়ে নিতে দলকে দুই ভাগে ভাগ করেছিলেন লোবেরা। বিদেশি নির্ভর 'টিম এ' বনাম মূলত ভারতীয়দের নিয়ে গড়া 'টিম বি'। টিম এ-তে খেললেন টেকচাম-অলড্রেড, মেহতাব-শুভাশীষ, থাপা-আপুইয়া, রবসন-লিস্টন, দিমি-কামিংস ও জাহিদ। আর টিম বি-তে ছিলেন কাইখ, লিওয়ান-দীপেন্দু, মুখার-টাংরি, সূর্যবংশী-সাহাল, মনবীর, সুহেল, কিয়ান ও ম্যাকলারেন। দলের তারকা বিদেশি স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে রাখা হয়েছিল টিম বি-তে, সম্ভবত শক্তিশালী ডিফেন্সের বিরুদ্ধে তাঁর দক্ষতা পরখ করে নেওয়ার জন্য।

ম্যাচের প্রথমার্ধে বক্সের বাইরে থেকে এক দর্শনীয় গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। মাত্র আধ ঘণ্টার কিছু বেশি সময় মাঠে থাকলেও নিজের জাত চিনিয়েছেন এই অজি তারকা। ম্যাকলারেনের গোলের কিছুক্ষণ পরেই গোল শোধ করেন লিস্টন কোলাসো। প্রথমার্ধ ১-১ ফলে শেষ হয়। দ্বিতীয় অর্ধে দেখা যায় চেনা দিমিত্রি পেত্রাতোসকে। হ্যাটট্রিক করে ম্যাচের রং একাই বদলে দেন তিনি। দুটি ফিল্ড গোল এবং একটি পেনাল্টি থেকে গোল করে সমর্থকদের ভরসা জোগালেন বাগানের 'নয়নের মণি'। ম্যাচের শেষ লগ্নে অনিরুদ্ধ থাপা দলের হয়ে পঞ্চম গোলটি করেন।

সবুজ-মেরুন কোচ সের্জিও লোবেরাকে এদিন এক অভিনব ভূমিকায় দেখা গেল। মাঠের একদম পাশ থেকে নয়, বরং ড্রেসিংরুমের ছাদে পা ঝুলিয়ে বসে গোটা ম্যাচটি পর্যবেক্ষণ করলেন তিনি। উপর থেকে ছেলেদের পজিশন ও ভুলত্রুটিগুলো মেপে নেওয়াই ছিল স্প্যানিশ কোচের লক্ষ্য। এদিনের ম্যাচে খেলেননি ডিফেন্সের অন্যতম ভরসা আলবার্তো রদ্রিগেজ। তবে আশার কথা এই যে, তাঁর কোনো বড় চোট নেই। সামান্য শরীর খারাপের কারণে তিনি সাইডলাইনে রিহ্যাব করেই সময় কাটিয়েছেন। আইএসএলের আগে দলের এই গোল করার ক্ষমতা এবং প্লেয়ারদের ফিটনেস নিশ্চিতভাবেই স্বস্তি দেবে বাগান সমর্থকদের।

Advertisement
Read more!
Advertisement
Advertisement