
Calcutta Football League 2026: ডুরান্ড কাপের ফাইনালের প্রতিশোধ কি কলকাতা লিগের ডার্বিতে তুলতে পারবে মোহনবাগান? আগামী ৭ সেপ্টেম্বর কলকাতা ফুটবল লিগের মহারণে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan)। আজ থেকেই এই ডার্বির টিকিট বিক্রি শুরু হচ্ছে।
দুই দলই সুপার সিক্সে জায়গা নিশ্চিত করেছে
ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান ইতিমধ্যেই ২০২৬-২৭ মরশুমের সুপার সিক্স পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ পর্বের প্রতিটি গ্রুপ থেকে প্রথম তিনটি দল সুপার সিক্সে উঠবে। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দুই দলই রয়েছে গ্রুপ ১-এ। ফলে সুপার সিক্স পর্বে পৌঁছনোর আগেই দুই প্রধানের লড়াই নিয়ে সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কলকাতা ফুটবল লিগে দুই দলের মুখোমুখি সাক্ষাৎ মানেই ফুটবলপ্রেমীদের কাছে বড়দিন।
কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের শেষবার ম্যাচ হয়েছিল ২০২৫ সালে। সেই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়েছিল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডেভিড লালহ্লানসাঙ্গা। তাঁর করা গোলেই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেছিল ইস্টবেঙ্গল। এ বার দুই দলই সুপার সিক্সে পৌঁছে যাওয়ায় ফের তাদের সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে বাড়ছে আগ্রহ।
কবে ও কোথায় হবে কলকাতা ফুটবল লিগের ডার্বি?
কলকাতা ফুটবল লিগের ডার্বি হবে ৭ সেপ্টেম্বর। ম্যাচ হবে বারাসত স্টেডিয়ামে। মোবাইলেও এই ম্যাচ লাইভ স্ট্রিমিং দেখা যাবে। বিকেল ৫ টায় ম্যাচ শুরু হবে। No.10 Sports-এ ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে।
টিকিট কীভাবে পাওয়া যাবে?
কলকাতা লিগের ডার্বির টিকিট আজ থেকেই মিলবে। পেপারলেস টিকিট, তাই পেপার টিকিট দেখিয়ে স্টেডিয়ামে ঢুকতে হবে না। মোবাইলে টিকিট দেখালেই স্টেডিয়ামে এন্ট্রি পাবেন সমর্থকরা। আজ থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। Zomato-তে দুপুর ৩টে থেকে ডার্বির পেপারলেস টিকিট বিক্রি শুরু হবে। টিকিটের ন্যূনতম দাম রাখা হয়েছে ১৫০ টাকা।