
নাম না করেই মোহনবাগান সুপার জায়েন্টকে (Mohun Bagan Super Giant) কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্য (Mansukh Mandaviya)। সোমবার নয়াদিল্লিতে আইএসএল (ISL 2026) ক্লাবগুলোর সঙ্গে সভা করেন ক্রীড়ামন্ত্রী। মূলত ভারতীয় ফুটবলের রোডম্যাপ ঠিক করার জন্য সভা হলেও সেখানে ওঠে জাতীয় টিমের প্রসঙ্গ। মনসুখ বলেন, 'আমি শুনেছি বেশ কিছু ক্লাব জাতীয় টিমে ফুটবলার ছাড়ে না। এটা দেশদ্রোহ। আগামী দিনে যারা এমন করবে আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাধ্য হব।'
কী বললেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী?
তিনি যোগ করেন, 'ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিংবা আমার সঙ্গে ক্লাবগুলোর সমস্যা থাকতেই পারে। কিন্তু তার জন্য দেশের জন্য ফুটবলার না ছাড়াটা অপরাধ।' উল্লেখ করা যায়, মোহনবাগান বেশ কয়েক বারই তাদের ফুটবলারদের জাতীয় শিবিরে ছাড়েনি নানা অজুহাতে। ক্রীড়ামন্ত্রীর ইঙ্গিতটা তাই মোহনবাগানের দিকেই।
ভারতীয় সহকারী কোচ রাখার ভাবনা
জাতীয় ফুটবল টিমের উন্নতিতেই মন্ত্রীর সামনে কল্যাণ ক্লাবগুলোকে অনুরোধ জানিয়েছেন, চিফ কোচ বিদেশি নিলেও তাদের সহকারী হিসেবে যেন ভারতীয়দের নেওয়া হয়। তিনি পরামর্শ দিয়েছেন, টিমে অন্তত একজন করে ভারতীয় স্ট্রাইকারকে ৯০ মিনিট খেলানোর। সঙ্গে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের টিমে নেওয়ারও। একই ধরনের অনুরোধ আগেই করেছিলেন ইস্টবেঙ্গল প্রতিনিধি দেবব্রত সরকার। তিনিও চেয়েছেন, বিদেশি কমিয়ে ভারতীয় কোচ ও ফুটবলারদের বেশি করে সুযোগ দেওয়ার।
মোহনবাগান প্রতিনিধি বিনয় চোপড়া গত বছর থেকেই বলে আসছেন ডুরান্ড কাপ বিদেশিহীন করতে। এ বারও সে রকম চিঠি দিয়েছেন। ডুরান্ড কাপ শুরু ২৫ জুন। এআইএফএফ হয়তো ডুরান্ডে বিদেশি ফুটবলার চারের বদলে তিন করতে পারে।
ফুটবলারদের মাত্রাতিরিক্ত পেমেন্ট কমাতে স্যালারি ক্যাপ করার দাবি তুলেছে ইস্টবেঙ্গল। কিন্তু ক্রীড়ামন্ত্রী বা ফেডারেশন এ ব্যাপারে হস্তক্ষেপ করতে চায় না নীতিগত ভাবেই। ইস্টবেঙ্গলের সঙ্গে এ ব্যাপারে সহমত বেঙ্গালুরু, গোয়া, চেন্নাইয়িন, কেরালা ব্লাস্টার্স। যাদের চুক্তি এ বার নতুন করে হবে তাদের ক্ষেত্রেই এই স্যালারি ক্যাপ চালুর চেষ্টা চলছে। যাদের চুক্তি আছে, তাদেরও অনুরোধ করা হবে ক্লাবের গ্রাসরুট পর্যায়ের উন্নতির খরচের জন্য তাদের পেমেন্ট কমানোর।
ক্লাব জোটের সঙ্গে আইএসএল চালানোর ব্যাপারে ফেডারেশন ১৫ জুনের মধ্যেই টাস্ক ফোর্স গড়ে ফেলছে। আগামী চার বছর এই মডেলেই আইএসএল করার ব্যাপারে রাজিও হয়ে গিয়েছে ফেডারেশন। ৪ সেপ্টেম্বর থেকে চালু হবে আইএসএল। যা চলবে ৭ মাস ধরে।