
ভারতীয় ফুটবলের রোডম্যাপ কী তা স্পষ্ট না হলেও, পরের মরসুমের দল গঠনের কাজ শুরু করে দিল মোহনবাগান সুপার জায়েন্ট। শোনা যাচ্ছে তিন বিদেশির সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছে সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। তবে কোচ কে হবেন তা এখনও ঠিক কোর্টে পারেনি সবুজ-মেরুন। কারণ যাদের সঙ্গে কথা হচ্ছে, সকলেই রোড ম্যাপের ব্যাপারে জানতে চাইছেন।
কোচ কে হবেন?
আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল তো বটেই, দেশের কোনও ক্লাবই নতুন কোচ বা ফুটবলার সই করাতে পারছে না। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন কোনও রোডম্যাপ না দেওয়ায়। কবে সুপার কাপ? কবে থেকে ক'টা ম্যাচ নিয়েই বা হবে এ বারের আইএসএল? এর উত্তর জানা নেই ক্লাবগুলোর কাছে। বিদেশি কোচ বা ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগোতে গেলেই ক্লাব ধাক্কা খাচ্ছে নতুন মরসুমে পরিকল্পনা জানাতে গিয়ে।
তিন বিদেশির সঙ্গে কথা বলছে মোহনবাগান
মোহনবাগান সুপার জায়ান্টের অর্থের সমস্যা নেই। তারা নতুন কোচ ও নতুন তিন বিদেশি ফুটবলার নেওয়ার জন্য ঝাঁপিয়েছে। যে কয়েকজন কোচের সঙ্গে কথা হয়েছে, তাঁরা সকলেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন। কারণ মাত্র তিন মাসে ১৩ ম্যাচের লিগে কোচিং করাতে আগ্রহী নন কোনও হাইপ্রোফাইল কোচই।
কাদের সই করাতে চাইছে মোহনবাগান
বাগান ম্যানেজমেন্ট এ বার বিদেশি নেওয়ার ব্যাপারে বয়সের মাপকাঠি ঠিক করেছে ২৬ থেকে ২৮ বছর। দুই বা তিন বছরের চুক্তি করলে যাতে তাঁরা সেরাটা দিতে পারেন। ছেড়ে দেওয়া জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোস ও টম অলড্রেড তিরিশ পেরিয়ে গিয়েছেন। অন্যদিকে, তিরিশ পেরোলেও চুক্তি থাকায় জেমি ম্যাকলরেন, আলবার্তো রড্রিগেজ ও রবসন রবিনহোকে রাখতে হচ্ছে। তবে রবসনকে ছাড়ার রাস্তা খোঁজা হচ্ছে।
২৬-২৮ বছরের মধ্যে দু'জন ভালো মানের বিদেশির সন্ধান পেয়েছে মোহনবাগান। একজন সার্বিয়ান মিডফিল্ডার ও অন্য জন স্প্যানিশ স্ট্রাইকার। দু'জনেই এখন ফ্রি-এজেন্ট। সার্বিয়ার মিডফিল্ডারের বয়স ২৬। লেফট উইংয়েও খেলতে পারেন। খেলেছেন উয়েফা কনফারেন্স লিগে। তাঁর এখন মার্কেট ভ্যালু ভারতীয় মূল্যে দু' কোটি ৪০ লক্ষ টাকার কাছাকাছি। স্প্যানিশ স্ট্রাইকারেরও বয়স কম। কিন্তু এঁদের এজেন্ট সবুজ মেরুন কর্তাদের কাছে দ্রুত ভারতীয় ফুটবলের রোডম্যাপ চেয়েছেন। বাগান এ বার স্থানীয়দের মধ্যে গ্লেন মার্টিন্স ও অময় রানাওয়াডে ছেড়ে দিয়েছে।