
আজ থেকেই শুরু হচ্ছে ISL। প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়েন্ট। দীর্ঘ টালবাহানার পর, চালু হচ্ছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট। এই ম্যাচে দলে নেই আশিস রাই। তাঁর জায়গায় আমে রানাওয়াডেকে সই করিয়েছে সবুজ-মেরুন। তিনি কি প্রথম ম্যাচ খেলবেন? সেটাই বড় প্রশ্ন।
কেমন হতে পারে বাগানের প্রথম একাদশ?
অনুশীলন দেখে বোঝার উপায় নেই। তবে যা ইঙ্গিত, তাতে তেকাঠির মধ্যে বিশাল কাইথ নিশ্চিত। রক্ষণে আলবার্তো রডরিগেজ ও মেহতাব সিংয়ের সঙ্গে দুই সাইডব্যাক হতে পারেন। শুভাশিস বসু ও নবাগত আমে রানাওয়াড়ে। মাঝমাঠে আপুইয়ার সঙ্গে জুটি বাঁধার সম্ভাবনা রয়েছে সাহাল আব্দুল সামাদের। আক্রমণে রবসন রবিনহো, দিমিত্রি পেত্রাতোস ও লিস্টন কোলাসোর সঙ্গে জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেনের মধ্যে কোনও একজন খেলবেন। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স মাত্র ১৪ দিনের শিবির করে শহরে এসেছে। পাঁচ বিদেশি সমৃদ্ধ কেরলকে নিয়ে লোবেরার বিশ্লেষণ, 'এবার ওদের দলে অনেক বদল এসেছে। দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে। তবে যাবতীয় ফোকাস নিজের ফুটবল-দর্শন অনুযায়ী দলকে খেলানো। দৃষ্টিনন্দন ফুটবল খেলে সমর্থকদের জয় উপহার দেওয়াই একমাত্র ভাবনা।'
স্টেডিয়ামের মতোই ভারতীয় ফুটবলও মূলস্রোতে ফিরছে। ভেতরের মতো বাইরেও ব্যস্ততা তুঙ্গে। প্র্যাকটিস গ্রাউন্ডে তখন শেষ মহড়ায় মগ্ন মোহনবাগান। সেই 'আক্রমণ, শুধু আক্রমণ' মন্ত্রেই শান দিলেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংসরা। কখনও দু'প্রান্ত দিয়ে ভাসানো বলে গোলের চেষ্টা, আবার কখনও ছোট জায়গায় দ্রুত পাস খেলে কেরালা ব্লাস্টার্সের দুর্গ ভাঙার ছক কষলেন বাগান কোচ সার্জিও লোবেরা। সবুজ-মেরুন প্রশিক্ষক হিসেবে শনিবার তাঁর প্রথম ম্যাচ। বেরনোর সময় সের্জিও লোবেরা সময় বলে গেলেন, 'অভিষেক ম্যাচ যাতে স্মরণীয় করে তোলা যায়, সব চেষ্টা করব।'
কীভাবে দেখবেন এই ম্যাচ?
শনিবার বিকেল পাঁচটায় মুখোমুখি হবে দুই দল। টিভিতে দেখতে হলে সোনি স্পোর্টসে এই ম্যাচ দেখা যাবে। লাইভ স্ট্রিমিং দেখতে চাইলে ডাউনলোড করতে হবে ফ্যানকোড অ্যাপ। তবে সেক্ষেত্রে ফ্রিতে দেখা যাবে না ম্যাচ।