Advertisement

Neymar Injury Update: মরক্কো ম্যাচে নেই নেইমার, চোট সারিয়ে কবে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা?

মরোক্কোর বিরুদ্ধে খেলবেন না নেইমার। প্রথম ম্যাচেই মিস হচ্ছে তাঁর। কবে ফিরবেন মাঠে? রইল আপডেট।

নেইমারের চোটনেইমারের চোট
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jun 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • মরোক্কোর বিরুদ্ধে খেলবেন না নেইমার
  • প্রথম ম্যাচেই মিস হচ্ছে তাঁর
  • কবে ফিরবেন মাঠে?

বাংলার ফুটবলপ্রেমীদের কাছে ব্রাজিল এক বিশেষ আবেগ। গলিতে গলিতে রয়েছে 'সাম্বা' ফুটবলের ফ্যান। আর ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ব্রাজিল। তবে প্রথম ম্যাচের আগেই খারাপ খবর রয়েছে। এই ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের তারকা ফুটবলার নেইমার। ব্রাজিলের হেড কোচ কার্লো আনসেলোত্তি নিশ্চিত করেছেন যে, গ্রুপ সি-র প্রথম ম্যাচে মরক্কোর বিরুদ্ধে নেইমার খেলতে পারবেন না। আর এই খবর সামনে আসার পর অবশ্যই মন খারাপ ব্রাজিল ফ্যানেদের। নেইমার ভক্তরাও মনমরা। 

আসলে রবিবার ভোরে নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরোক্কোর মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে পায়ের কাফ মাসেলের চোটের কারণে তিনি ছিটকে গেলেন প্রথম ম্যাচ থেকে। তাঁর আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন আরও কিছুটা পিছিয়ে গেল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনসেলোত্তি বলেন, 'নেইমার যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে আসতে চাইছে। কঠোর পরিশ্রম করছে।'

ব্রাজিল কোচ আরও জানান, শুধু ফুটবল দক্ষতার জন্য নয়, তরুণ ফুটবলারদের অনুপ্রাণিত করার জন্যও নেইমার দলের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি বলেন, 'ওর ফুটবল দক্ষতা নিয়ে কোনও প্রশ্নই নেই। পাশাপাশি দলের তরুণ খেলোয়াড়দের জন্য ওর অভিজ্ঞতা কাজে লাগবে। ওর উদাহরণও অত্যন্ত মূল্যবান।'

প্রসঙ্গত, ২০২৩ সালের পর থেকে ব্রাজিলের হয়ে আর খেলেননি নেইমার। গত মে মাসের মাঝামাঝি ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন। তখন থেকেই তিনি মাঠের বাইরে রয়েছেন। ফলে বিশ্বকাপের মঞ্চে তাঁর প্রত্যাবর্তনের জন্য সমর্থকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

নেইমার চোট কতটা গুরুতর?
নেইমারের চোট রয়েছে এটা পরিষ্কার। তবে বর্তমানে ডান পায়ের কাফের চোট থেকে সেরে উঠছেন। ৩৪ বছর বয়সী এই তারকাকে ফিটনেস নিয়ে সংশয় থাকা সত্ত্বেও বিশ্বকাপ দলে রাখা হয়েছিল। কোচিং স্টাফ আশা করেছিল তিনি টুর্নামেন্ট শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন। কিন্তু মরক্কোর বিরুদ্ধে ম্যাচের জন্য তিনি এখনও প্রস্তুত নন বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

মাথায় রাখতে হবে, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার। চারটি বিশ্বকাপে মোট ৮টি গোল করেছেন তিনি। তাই তাঁর অনুপস্থিতি ব্রাজিলের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।

কবে মাঠে ফিরতে পারেন নেইমার?
আনসেলোত্তি জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকেই নেইমার অনুশীলনে ফিরতে পারেন। সেই হিসেব অনুযায়ী, ১৯ জুন হাইতির বিরুদ্ধে ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। তবে দলের কোচিং স্টাফ কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে ব্রাজিল। বিশ্বকাপের শুরুতেই ছিটকে না পড়ে, নেইমার যেন দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টে ফিরতে পারেন, সেই আশাই করছে ব্রাজিল শিবির।
 

 

Read more!
Advertisement
Advertisement