
জর্ডনের বিরুদ্ধে বদলি হিসেবে নেমেও গোল এসেছে তাঁর পা থেকে। টানা সাত বিশ্বকাপে গোল করার রেকর্ড তো বটেই, এবারের বিশ্বকাপে ৬ গোল হয়ে গেল লিওনেল মেসির। তাও মাত্র ৩ ম্যাচে। আলজিরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে দুরন্তভাবে করেছিলেন মেসি। এরপরে অস্ট্রিয়ার বিরুদ্ধে জোড়া গোল করেন তিনি। যে হারে মেসি গোল করছেন তাতে আর সোনার বুট পাওয়ার আশাই দেখছেন না আর্লিং হাল্যান্ড।
কী বললেন হাল্যান্ড?
সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করে মেসির গোল করার দক্ষতার প্রশংসা করেছেন নরওয়ের স্ট্রাইকার। তাঁকে গোলমেশিন বলা হলেও, মজার ছলে তিনি স্বীকার করে নিয়েছেন, মেসি যত দিন এই টুর্নামেন্টে আছেন, তত দিন গোল্ডেন বুটের দৌড়ে অন্যদের স্বপ্ন পূরণ করা ভীষণ কঠিন। যেন বিশ্বকাপের আকাশে এখনও সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটির নাম লিওনেল মেসি।
জর্ডনের বিপক্ষে মেসির গোলের পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানান হাল্যান্ড। মজার ছলে তিনি বোঝাতে চান, মেসি যদি এ ভাবেই গোল করতে থাকেন, তা হলে গোল্ডেন বুট জেতা অন্যদের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠবে। তিনি লেখেন, ‘মেসি আমাকে বিশ্বকাপের গোল্ডেন বুটটা কখনও-ই জিততে দেবে না।’
ছন্দে হাল্যান্ডও
তবে হাল্যান্ড নিজেও দুর্দান্ত ছন্দে রয়েছেন। নিজের প্রথম বিশ্বকাপেই দুই ম্যাচে চার গোল করেছেন নরওয়ের এই তারকা ফরোয়ার্ড। নকআউট পর্ব নিশ্চিত হয়ে যাওয়ায় ফ্রান্সের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল।
জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ ছিল নিয়মরক্ষার। আর সে কারণেই নিজের সেরা অস্ত্র মেসিকে শুরু থেকে ব্যবহার করতে চাননি কোচ স্কালোনি। সুযোগ দিয়েছিলেন দলের অন্য সদস্যদের। তবে নক আউটের আগে মেসিকে ম্যাচ ফিট রাখতে নামিয়ে দেন বিশ্বকাপ জেতা কোচ। নেমে ফ্রি কিক থেকে গোল তুলে নেন মেসি। তার আগে জিওভানি লো সেলসোর ফ্রি-কিক ও লাউতারো মার্তিনেআজের পেনাল্টিতে এগিয়ে যায় আর্জেন্টিনা।