
ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে হারের পরে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। যার নির্যাস, ISL-এর নিজেদের শক্তি বাড়িয়ে নিল সবুজ-মেরুন শিবির। মোহনবাগানে নয়া বিদেশি স্ট্রাইকার ঘিরে চর্চা তুঙ্গে। আজ অর্থাত্ সোমবার রাতেই কলকাতায় পৌঁছে যাচ্ছেন স্কটিশ স্ট্রাইকার লি হ্যারি এরউইন।
৬ ফুট ২ ইঞ্চি লম্বা ও সুঠাম চেহারা
সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার থেকেই সবুজ-মেরুন জার্সিতে প্র্যাক্টিস শুরু করে দেবে এরউইন। ৩২ বছরের এই স্কটিশ স্ট্রাইকারের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হল ৬ ফুট ২ ইঞ্চি উচ্চতা ও সুঠাম চেহারা। অর্থাত্ প্রতিপক্ষের ডিফেন্সকে উচ্চতা ও শক্তি দিয়ে কুপোকাত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। ডুরান্ডের হারকে অতীত করে এবার ISL জয়ের লক্ষ্যে নামছে মোহনবাগান।
কে এই লি হ্যারি এরউইন?
উচ্চতার কারণে সেট-পিসে প্রতিপক্ষের জন্য বড়সড় হুমকি হয়ে উঠতে পারেন এরউইন। গত মরশুমে জর্ডনের ক্লাব আল-ফয়সালির হয়ে খেলার পর এবার তিনি যোগ দিলেন মেরিনার্সে। স্কটল্যান্ডের বয়সভিত্তিক জাতীয় দলের প্রতিনিধিত্ব করা এই ফুটবলারের ইউরোপ ও এশিয়ার বিভিন্ন ক্লাবে খেলার অভিজ্ঞতাও রয়েছে। স্ট্রাইকার হিসেবে এরউইন এর আগে মাদারওয়েল, লিডস ইউনাইটেড, বুরি এফসি এবং ট্র্যাক্টর এফসি-সহ একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। বিভিন্ন দেশ ও লিগে খেলার অভিজ্ঞতায় সমৃদ্ধ তাঁর ফুটবল কেরিয়ার।
মোহনবাগান ভারতের সেরা ক্লাব, বলছেন এরউইন
স্কটিশ স্ট্রাইকারকে নেওয়ার বিষয়ে আগেই ঘোষণা করেছিল মোহনবাগান। জানা যাচ্ছে, একবছরের চুক্তিতে আপাতত মোহনবাগানে যোগ দিলেন তিনি। ভারতে খেলার বিষয়ে এরউইন বলছেন, 'বেশ কয়েকটা আইএসএল ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। মোহনবাগান ভারতের সেরা ক্লাব। তাই ওদের হয়েই ভারতে খেলতে আসছি। ভারতে খেলা আমার স্কটিশ ফুটবলার বন্ধুদের মুখে শুনেছি, মোহনবাগান সুপার জায়ান্টের পেশাদারিত্ব বা দর্শন বিশ্ব ফুটবলের যে কোনও ক্লাবের সঙ্গে টেক্কা দিতে পারে। তা ছাড়া, সাফল্য ও ঐতিহ্যের বিচারে এই ক্লাবের ধারে কাছে কেউ নেই। সদস্য সমর্থকদের ক্লাবের প্রতি আবেগ, সমর্থন এবং ভালোবাসাও আমার সবুজ-মেরুন জার্সি পরার অন্যতম কারণ। প্র্যাক্টিসের মধ্যেই রয়েছি। আশা করি, দ্রুত দলের সঙ্গে মানিয়ে নিতে পারব। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে। দলকে ট্রফি জেতানোই একমাত্র লক্ষ্য।'