
ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিল ইংল্যান্ড। আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরেছে ব্রিটিশরা। আর ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের সম্মুখীন হয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন ইংল্যান্ডের প্রধান কোচ থমাস তুচেল। দলের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি থেকে শুরু করে একাধিক প্রাক্তন ইংল্যান্ড ফুটবলার অভিযোগ করেছেন, তুচেলের অতিরিক্ত ডিফেন্সিভ মনোভাবই হারের কারণ। পাশাপাশি তাঁরা হারের আরও কিছু কারণও খুঁজে বের করেছেন।
এগিয়ে থেকেও হার
ম্যাচের প্রথম দিকে ছন্দেই ছিল ইংল্যান্ড। এমনকী ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডন গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল, ১৯৬৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠতে চলেছে থ্রি লায়ন্স। কিন্তু ম্যাচের শেষবেলায় দুর্দান্তভাবে ফিরে আসে আর্জেন্টিনা। সমতা ফেরান এনজো ফার্নান্দেজ। এরপর লাউতারো মার্টিনেজ জয়ের গোল করেন। তাতে ২-১ গোলে জিতে যায় আর্জেন্টিনা।
'তুচেলের সিদ্ধান্তেই হার'
দলের আজকের খেলায় রেগে লাল ওয়েন রুনি। তিনি বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'প্রথম গোলের পর আমরা দ্বিতীয় গোলের জন্য আর চেষ্টা করিনি। তুচেলের সিদ্ধান্তই আমাদের আজকের হারের কারণ। দল অতিরিক্ত ডিফেন্সিভ হয়ে পড়েছিল।'
রুনির মতে, পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলার সিদ্ধান্ত নেওয়ায় ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি আর্জেন্টিনার হাতে চলে যায়।
তিনি বলেন, 'বিশ্বমানের কোচরা ম্যাচের পরিস্থিতি বুঝে আক্রমণাত্মক ফুটবল খেলেন। কিন্তু তুচেল উল্টো আরও পিছিয়ে গেলেন। আমার মতে, ওঁর সিদ্ধান্ত ভুল ছিল।'
রুনির দাবি, বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে এভাবে খেলে জেতা যায় না। এটাই ছিল টুর্নামেন্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু তাতে তারা ব্যর্থ।
মাইকা রিচার্ডসেরও একই মত
প্রাক্তন ডিফেন্ডার মাইকা রিচার্ডসও রুনির সঙ্গে একমত। তাঁর কথায়, 'প্রথম গোলের পর ইংল্যান্ডের দ্বিতীয় গোলের জন্য ঝাঁপানো উচিত ছিল। কিন্তু তারা অনেক পিছিয়ে গিয়েছিল। ফলে আর্জেন্টিনা নিজেদের ছন্দ ফিরে পায়।'
তিনি আরও বলেন, 'তুচেলের পরিবর্তনগুলো আর্জেন্টিনার জন্য ম্যাচটা সহজ করে দিয়েছিল। দ্বিতীয়ার্ধে মেসিদের খেলতে কোনও অসুবিধাই হয়নি।'
অন্যদিকে প্রাক্তন স্ট্রাইকার অ্যালান শিয়ারার মনে করেন, যোগ্য দল হিসেবে আর্জেন্টিনাই এই ম্যাচটা জিতেছে। তিনি বলেন, 'সত্যি বলতে, ভাল দলই জিতেছে। পিছিয়ে পড়েও ওরা একটুও ঘাবড়ায়নি। নিজেদের পরিকল্পনায় অটল থেকেছে। কোচের বদলগুলো দারুণ কাজে লেগেছে।'
পুরনো ভুলই আবার হয়েছে
প্রাক্তন ডিফেন্ডার গ্যারি নেভিল মনে করেন, বড় টুর্নামেন্টে ইংল্যান্ড মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। আর সেটা আবারও সামনে এসেছে।
প্রাক্তন স্ট্রাইকার মাইকেল ওয়েন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আমার বিশ্বাস ইংল্যান্ড আর্জেন্টিনার চেয়ে ভাল দল। কিন্তু শেষ পর্যন্ত হারটা প্রাপ্য ছিল। এমনকী ব্যবধান ৪-১ ও হতে পারত।'
তিনি আরও প্রশ্ন তোলেন, '১-০ এগিয়ে থাকার পরও তিনজন ডিফেন্ডার নামানোর অর্থ কী?'