
স্কটল্যান্ডের (Brazil vs Scotland) বিরুদ্ধে হ্যাটট্রিক করে ফেলতে পারতেন ভিনিশিয়াস জুনিয়র (Vinicius jr)। তবে বিশ্বকাপে (FIFA World Ciup 2026) ব্রাজিল (Brazil Football Team) বনাম স্কটল্যান্ড ম্যাচে সাম্বা বাহিনীর একছত্র আধিপত্য নিয়ে জেতার থেকেও আলোচনার কেন্দ্রে এখন ভিনিশিয়াসের গোল বাতিলের সিদ্ধান্ত। VAR নিয়ে নানা অভিযোগ বিভিন্ন সময় হয়েছে। আর বৃহস্পতিবারের পর, সেই বিতর্ক যে অন্য মাত্রা নেবে তা বলাই বাহুল্য।
কেন VAR নিয়ে বিতর্ক?
প্রথম গোলের মাত্র ১৫ মিনিট পর ফের স্কটিশ ডিফেন্সকে চাপে ফেলেন ভিনিশিয়াস। ২২তম মিনিটে স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। স্টেডিয়ামে তখন উল্লাসে ফেটে পড়ে ব্রাজিল সমর্থকরা। তবে গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (VAR) ঘটনাটি খতিয়ে দেখার পর রেফারিকে মনিটরের সামনে ডাকা হয়। রিপ্লেতে দেখা যায়, বল দখলের আগে ভিনিশিয়াস হেন্ড্রির পায়ে স্পর্শ করে তাঁকে ভারসাম্য হারাতে বাধ্য করেছিলেন। সেই কারণেই ডিফেন্ডার বল হারান এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়।
কেন বাতিল ভিনিশিয়াসের গোল?
VAR-এর পর্যবেক্ষণের ভিত্তিতে রেফারি সিদ্ধান্ত নেন যে ভিনিশিয়াসের বল কেড়ে নেওয়ার প্রক্রিয়াটি নিয়মসিদ্ধ ছিল না। ফলে গোলটি বাতিল ঘোষণা করা হয় এবং স্কটল্যান্ডকে ফ্রি-কিক দেওয়া হয়। ব্রাজিল সমর্থকদের হতাশ করলেও সিদ্ধান্তটি বহাল থাকে।
আজকের ম্যাচে VAR নিয়ে আলোচনা হলেও, কেউই ক্ষোভে ফেটে পড়েননি। কারণ, প্রযুক্তি ম্যাচের সামগ্রিক ফল বদলাতে পারেনি। ভিনিশিয়াসের ট্যাকেল নিয়ম বহির্ভূত ছিল কিনা তা নিয়ে চর্চা চলছে। তবে ম্যাচের ফল বদলালে ঘরে বাইরে ব্যপক সমালোচনার মুখে পড়তে হত ফিফাকে। এরপর শুরু হবে নক আউটের ম্যাচ। ফলে VAR নিয়ে বিতর্ক আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
৩-০ গোলে স্কটল্যান্ডকে হারিয়ে শীর্ষে থেকে রাউন্ড অফ ৩২ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল দল। জোড়া গোল ভিনিশিয়াসের। আর একটা মাথিয়াস কুনহার।