
রবিবার রাতে ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড এলাকার নিউ জার্সি (মেটলাইফ) স্টেডিয়ামে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। আর ঠিক তখন অন্য গোলার্ধে বসে টিভি বা মোবাইলের পর্দায় চোখ রাখবেন বাংলার অগণিত ফুটবল ভক্ত। আর তাঁদের সঙ্গ দেবেন নয়া বিজেপি সরকারের ক্রীড়ামন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ।
কিন্তু প্রশ্ন হল, রবিবার ঠিক কোন দলকে সমর্থন করবেন ইন্দ্রনীল? তিনি স্পেনের নাকি আর্জেন্টিনার সমর্থনে গলা ফাটাবেন? আর সেই বিষয়টা নিয়ে bangla.aajtak.in-এর কাছে মুখ খুললেন মন্ত্রী। ইন্দ্রনীল জানালেন, তিনি সবসময়ই 'আন্ডারডগ' দলকে সমর্থন করে এসেছেন। আর এই বিশ্বকাপেও এই ট্রেন্ডের অন্যথা হবে না।
এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ছোটবেলা থেকেই আন্ডারডগদের সমর্থন করে এসেছি। যতদিন মেসির আর্জেন্টিনা কাপ পায়নি, ততদিন সমর্থন করেছি। তবে ২০২২ সালে ওঁরা কাপ পেয়ে গিয়েছে। তাই এবার স্পেনকে সাপোর্ট করতে হবে।'
নিজের বক্তব্যের ব্যাখ্যা করে তিনি জানালেন, স্পেন শেষবার বিশ্বকাপ পেয়েছে ২০১০ সালে। আর আর্জেন্টিনা পেয়েছে ২০২২ সালে। তাই এই দুই দলের মধ্যে এখন আন্ডারডগ হিসেবে তিনি স্পেনকেই বেছে নিচ্ছেন।
যদিও ক্রীড়ামন্ত্রী দাবি করেন, তিনি চান যাতে ভারতের ছেলেমেয়েরা, বাংলার ছেলেমেয়েরা বিশ্বকাপ খেলে। তাঁরা যেন দেশকে গর্বিত করতে পারে।
কোথায় খেলা দেখবেন ইন্দ্রনীল?
ফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে একদিকে থাকবেন ৩৯ বছরের লিওনেল মেসি। অন্যদিকে নামবেন ১৯ বছরের লামিন ইয়ামাল। আর এবার সাধারণ টিভিতে খেলা দেখবেন না ক্রীড়ামন্ত্রী। বরং বড় স্ক্রিনে ফাইনাল দেখবেন তিনি। ইন্দ্রনীল বলেন, 'নন্দনে দেখব খেলা। সেখানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।' এছাড়া হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ সেখানে উপস্থিত থাকবেন বলে জানালেন তিনি।
আসলে এবারের ফুটবল বিশ্বকাপের ফাইনাল নিয়ে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্রীড়া দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর এবং অন্যান্য সংশ্লিষ্ট দফতর নন্দনে খেলা দেখানোর পরিকল্পনা করেছে। সেই মতো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেলায় জেলায় চলছে জায়ান্ট স্ক্রিনে ফুটবল
তবে শুধু কলকাতা নয়, জেলার ফুটবলপ্রেমীদের কথাও মাথায় রেখেছে সরকার। সেই মতো প্রতিটি জেলায় জায়ান্ট স্ক্রিনে খেলা দেখান হবে হবে বলেও জানিয়ে দিলেন ক্রীড়ামন্ত্রী।
এখন প্রশ্ন হল, কোন জেলায় কোথায় দেখান হবে খেলা? তার উত্তরে ক্রিড়ামন্ত্রী জানালেন, এটা সোশ্যাল মিডিয়ায় নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে।