
গ্রুপপর্ব ও রাউন্ড অফ ৩২-এর গণ্ডি পেরিয়ে শেষ ষোলোর লড়াইয়ে আমেরিকা। তাদের সামনে এবার বেলজিয়াম। তবে মেগা ম্যাচের আগে আমেরিকার চিন্তা অনেকটাই বেড়ে গিয়েছিল। দুরন্ত ছন্দে থাকা ফোলারিন বালোগান আগের ম্যাচে লাল কার্ড দেখায়। সেই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে গিয়েছিল ফিফা। এ বার বড় ইউ-টার্ন নিল তারা। স্বস্তি পেল আমেরিকা।
একাধিক রিপোর্টে প্রকাশ, সাসপেনশন আপাতত তুলে নিয়েছে ফিফা। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে আমেরিকার হয়ে খেলতে পারবেন বালোগান, এমনটাই জানা গিয়েছে। অনেকেই বলছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গুলিহেলনেই ঘটেছে এমনটা।
লাল কার্ড পেয়েও কী ভাবে খেলবেন বালোগান?
The Athletic-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার বিচারবিভাগীয় সংস্থা বালোগানের এক ম্যাচের সাসপেনসন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, সম্পূর্ণ বা আংশিকভাবে এমন সাসপেনশন স্থগিত করা যেতে পারে এবং সংশ্লিষ্ট ফুটবলারকে এক থেকে চার বছর পর্যবেক্ষণে রাখা যায়। এই নিয়মের কারণে এবং বাড়তে থাকা বিতর্ক থামাতে ইউ-টার্ন নিয়েছে FIFA, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বসনিয়ার বিরুদ্ধে কী কারণে লাল কার্ড দেখতে হয় বালোগানকে?
বসনিয়ার বিরুদ্ধে ম্যাচে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে ট্যাকল করেন বালোগান। প্রথমে রেফারি রাফায়েল ক্লস এটিকে সাধারণ ফাউল হিসেবেই দেখেছিলেন। কিন্তু পরে VAR চেক করে এই ঘটনাকে ‘সিরিয়াস ফাউল প্লে’ হিসেবে বিবেচনা করেন তিনি। সরাসরি লাল কার্ড দেখান বালোগানকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে মার্কিন শিবির। এ বার স্বস্তি পেল তারা।
দারুণ ছন্দে বালোগান
সমস্ত ম্যাচেই হয় গোল করেছেন, অথবা গোল করিয়েছেন। এমনকি বসনিয়া হারজেগোভনিয়ার বিরুদ্ধেও গোল ছিল তাঁর। ফলে আমেরিকার ক্ষেত্রে বালোগান যে কতটা গুরুত্বপূর্ণ তা এই রেকর্ডটাই বলে দিচ্ছে। ফলে কেভিন ডি' ব্রুইনদের বিরুদ্ধে নামার আগে, বাড়তি অক্সিজেন নিয়ে নামতে চলেছে আমেরিকা।