
এবারের বিশ্বকাপে শুরু থেকেই হোঁচট খেটে হয়েছে পর্তুগালকে। কঙ্গোর বিরুদ্ধে ড্র করার পর উজবেকিস্তানের বিরুদ্ধে জিতে সুপার ৩২-র জায়গা প্রায় পাকা করে ফেলেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। রবিবার সকালে ফের ধাক্কা খেয়েছে পর্তুগাল। কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে তারা। আরও একবার গোটা ম্যাচে নিষ্প্রভ থেকেছেন সি আর সেভেন।
এমন হতাশাজনক পারফর্ম্যান্সের পরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে রোনাল্ডোর পাশেই দাঁড়িয়েছেন কোচ রবার্টো মার্টিনেজ। রোনাল্ডোর বিরুদ্ধে অভিযোগ উঠছে, তিনি ডিফেন্সে সাহায্য করতে নেমে আসছেন না। তবে মার্টিনেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অন্য ফুটবলারের সঙ্গে তুলনা করে তিনি দল নির্বাচন করেন না।
ম্যাচের শেষে তিনি বলেন, ‘কোনও ফুটবলারকে অন্য প্লেয়ারের সঙ্গে তুলনা করে সিদ্ধান্ত নিই না আমরা। ম্যাচ চলাকালীন আমরা প্লেয়ারদের সব তথ্য মনিটর করি। পর্যবেক্ষণ করি। ফুটবল মাঠের প্রতিটি পজিশনে খেলার জন্য আলাদা আলাদা চাহিদা থাকে। তাই প্রতিটি বিষয় খুব খুঁটিয়ে দেখি।’ রোনাল্ডোর ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে কোনও উদ্বেগ নেই বলেও জানিয়েছেন মার্টিনেজ।
ক্রিশ্চিয়ানোকে কি বদল করার সাহস দেখাতে পারবেন মার্টিনেজ? তিনি কিন্তু বদলের ইঙ্গিত দিলেন পর্তুগাল কোচ। তিনি বলেন, 'ক্রিশ্চিয়ানো ম্যাচে সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে পারে। ওর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসিকভাবে শক্ত থাকা এবং নিজের পজিশন ধরে রাখা। তাই ৯০ মিনিট খেলার ক্ষেত্রে ক্রিশ্চিয়ানোর শারীরিক বা মানসিকভাবে কোনও সমস্যা ছিল না। পরের ম্যাচে হয়তো কিছু পরিবর্তন করতে হতে পারে টিমে। কিন্তু সেটা যে কোনও ফুটবলারের ক্ষেত্রেই হতে পারে।’
আসলে গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানে শেষ করায়, পর্তুগালের সামনে এ বার কঠিন চ্যালেঞ্জ। রাউন্ড অফ ৩২-এ লুকা মদ্রিচের নেতৃত্বাধীন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে নামবে তারা। এই ম্যাচের আগে রোনাল্ডোর ফর্মে ফেরার প্রার্থনা করছেন ভক্তরা। আর সেই কারণে আরও বেশি করে সমালোচনার শিকার হতে হচ্ছে রোনাল্ডোকে।