
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেল তারা। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে আর মাত্র দুই ধাপ দূরে স্পেন। গতবারের রানার্সদের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার দিয়ে রাখলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। আত্মবিশ্বাসে ভরপুর ইয়ামাল স্পষ্ট জানিয়ে দিলেন, ফ্রান্সেরই ভয় পাওয়া উচিত স্পেনকে। তাঁর এই মন্তব্য নিয়ে এখন চলছে জোর চর্চা।
সেমিফাইনালে উঠতেই হুঙ্কার ইয়ামালের
বেলজিয়ামের বিরুদ্ধে ২-১ গোলে জিতে শেষ চারে জায়গা করে নেওয়ার পরেই আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে স্পেনের। ইয়ামাল বলেন, 'সেমিফাইনালে উঠতে পেরে আমরা খুবই খুশি। আমরা যোগ্য দাবিদার শেষ চারে যাওয়ার। বাকি দলগুলির চেয়ে তুলনামূলক ভাবে অনেক ভালো খেলেছি।’
এর পরেই ইয়ামাল স্পষ্ট করে দেন এমবাপে-ডেম্বেলে-ওলিসে সমৃদ্ধ ফ্রান্সকে একটুও ভয় পাচ্ছে না স্পেন। বরং ফ্রান্সকে হুঁশিয়ারি দিলেন তিনি। ১৮ বছরের এই ফুটবলার বলেন, ‘আমরা এখানে বিশ্বকাপ জিততে এসেছি। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, ফ্রান্সের উচিত আমাদের ভয় পাওয়া।’
২০২৪ সালের ইউরোর সেমি ফাইনালে ফ্রান্সকে হারিয়েছিল স্পেন। ২০২৫ সালে নেশন্স লিগেও এমবাপেদের বিরুদ্ধে জয় পেয়েছিলেন পেদ্রি-ইয়ামালরা। ওই ইউরোতেই সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজির গড়েছিলেন ইয়ামাল। তাই ফ্রান্সের সামনে চ্যালেঞ্জ থাকবে ইতিহাস পাল্টানোর। ফিফা বিশ্বকাপের ইতিহাসে স্পেন ও ফ্রান্স মুখোমুখি হয়েছে মাত্র একবার। ২০০৬ সালের বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নেমেছিল দুই দল। সে বার অবশ্য ৩-১ ব্যবধানে জিতে যায় ফ্রান্স। প্রায় দুই দশক পর আবার বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে তারা। তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।