
এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল (Portugal)। এবারেই সম্ভবত, শেষ বিশ্বকাপে খেলতে নামছেন সিআর সেভেন। মাঠের পাশাপাশি মাঠের বাইরেও তুমুল জনপ্রিয় তিনি। আর রোনাল্ডোর সঙ্গে দেখা করার সুযোগ খুব কম জনেরই হয়। কিন্তু CR7 বিশ্বকাপে নামার আগেই ভাইরাল হয়েছে একটি ভিডিও। দেখা গিয়েছে, রোনাল্দোকে দেখেই জড়িয়ে ধরছেন এক তরুণী। তার পরেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কে এই তরুণী? তাঁর সঙ্গে কী সম্পর্ক রোনাল্ডোর?
দেখুন সেই ভিডিও
পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে দেখা করার পরে আবেগ ধরে রাখতে পারেননি জনপ্রিয় ইউটিউবার সেলিন ডেপ্ট। কান্নায় ভেঙে পড়েন তিনি। পর্তুগালের ট্রেনিং ক্যাম্পের বাইরে অপেক্ষা করছিলেন সেলিন। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, রোনাল্ডো তাঁর কাছে পৌঁছনোর আগেই চোখের জল ধরে রাখতে পারছিলেন না সেলিন। তারকা ফুটবলারকে জড়িয়ে ধরেন তিনি।
সেলিনকে কাঁদতে দেখে রোনাল্ডো বলেন, ‘কেঁদো না।’ জবাবে আবেগপ্রবণ সেলিন বলেন, ‘সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার কাছে এক বিরাট অনুপ্রেরণা।’ এর পরে রোনাল্ডোর সঙ্গে একটি ছবি তোলার অনুরোধ করেন সেলিন। পর্তুগিজ অধিনায়ক হাসিমুখে সেই অনুরোধ মেনে নেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও।
কে সেলিন ডেপ্ট?
সেলিন ডেপ্ট বেলজিয়ামের একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটর। তিনি মূলত ইউটিউব এবং টিকটকে কনটেন্ট তৈরি করেন। কেরিয়ারের শুরুর দিকে তিনি ফুটবলও খেলেছেন। তবে বর্তমানে তিনি বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া তারকাদের একজন। টিকটকে তাঁর ফলোয়ার্সের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অন্য দিকে ইউটিউবে সাবস্ক্রাইবার প্রায় ৬ কোটি।
২৬ বছর বয়সি সেলিন এর আগে বিশ্বের বেশ কয়েকজন তারকা ফুটবলারের সঙ্গে কনটেন্ট তৈরি করেছেন। সেই তালিকায় রয়েছেন কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড এবং নেইমারের মতো ফুটবলাররা। এ বার রোনাল্দোর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, ১৭ জুন বিশ্বকাপে অভিযান শুরু করবে রোনাল্দোর পর্তুগাল।