
রবিবার কি শেষ ম্যাচ খেলতে নামছেন রোহিত শর্মা (Rohit Sharma)? এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে আরও একটা খবর। শোনা যাচ্ছে, লর্ডস একদিনের ম্যাচ দেখতে এসেছেন রোহিত শর্মার বাবা-মা। ক্রেক্সের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালীন সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর শোনা যায়, রবিবারের ম্যাচই রোহিতের শেষ ম্যাচ।
যদিও দ্বিতীয় ওয়ানডেতে ভারতের পরাজয়ের পর ব্যাটিং কোচ সিতাংশু কোটাককে এই প্রশ্নটি করা হলে তিনি স্পষ্টভাবে জানান যে রোহিত শর্মার মতো খেলোয়াড়রা চাপ অনুভব করেন না। কোটাক বলেন, 'রোহিত শর্মার মতো একজন বড় খেলোয়াড়ের ওপর কোনো চাপ থাকতে পারে না। তিনি এতটাই অভিজ্ঞ এবং সফল একজন ক্রিকেটার যে এই ধরনের বিষয়গুলো তাঁকে প্রভাবিত করে না। তিনি প্রথম দুটি ম্যাচে রান করেননি, কিন্তু তাতে কিছু যায় আসে না। দ্বিতীয় ম্যাচেও মনে হচ্ছিল তিনি একটি বড় ইনিংস খেলবেন।'
দুই ম্যাচেই ব্যর্থ রোহিত
কার্ডিফে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা ৪৭ বলে ২৬ রান করেন। তিনি একেবারেই ছন্দে নেই। শেষ পর্যন্ত উইল জ্যাকসের বলে আউট হন। বার্মিংহামে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও তিনি মাত্র ১১ রান করেছিলেন। পরপর দু'টি বাজে ইনিংসে তাঁর ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিল, কিন্তু কোটাক এর জন্য খারাপ ফর্মকে দায়ী করতে রাজি হননি।
সিতাংশু কোটাক বলেন, 'আমি অনেক ক্রিকেট খেলেছি এবং দেখেছি। কখনও কখনও ব্যাটসম্যানরা শুরুতে কাঙিক্ষত ছন্দ খুঁজে পায় না। এর মানে এই নয় যে সমস্যা আছে। রোহিত সম্ভবত তাঁর পছন্দের জায়গায় বল পাচ্ছিল না। পিচেও ডাবল বাউন্স ছিল, তাই সে তার প্রিয় শটগুলো খেলতে পারেনি।'
জানা যাচ্ছে যে, নির্বাচকদের সিদ্ধান্তে রোহিত শর্মা অসন্তুষ্ট এবং তিনি বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এখন সবার নজর লর্ডসের ওডিআইয়ের দিকে। একদিকে যেমন রয়েছে অবসর নিয়ে জল্পনা, অন্যদিকে টিম ম্যানেজমেন্টের আত্মবিশ্বাস। এমন পরিস্থিতিতে, রোহিত শর্মার একটি বড় ইনিংসই হতে পারে এই সমস্ত আলোচনার সবচেয়ে শক্তিশালী জবাব।