
২০০৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়জিত হয়েছিল ভারতে। আর সেই টুর্নামেন্টে দুরন্ত ছন্দে ছিলেন ব্রেট লি। তাঁর বলিং-এ কাঁপত গোটা বিশ্বের তাবড় তাবড় ব্যাটাররা। তবে টুর্নামেন্ট চলাকালীনই অজি ফাস্ট বোলারের আরও এক প্রতিভার সন্ধান পেয়েছিল গোটা বিশ্ব। পাশে ছিলেন আশা ভোঁসলে।
ব্রেট লি আশা ভোঁসলের পাশে দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গেয়েছিলেন। তাঁদের সেই যৌথ অ্যালবাম এবং সেই অভিজ্ঞতার রেশ আজও ক্রিকেট আর সঙ্গীতের অনুরাগীদের মনে গেঁথে রয়েছে। সেই সময় আশা কাজ করছিলেন একটি বিশেষ প্রোজেক্টে। নাম ছিল 'Asha and friends' যেখানে তাঁর লক্ষ্য ছিল, বিভিন্ন পেশার মানুষদের নিয়ে গান করা। ঠিক সেই সময় ব্রেট লিকে প্রস্তাব দেওয়া হয়।
তাঁদের গাওয়া সেই জনপ্রিয় গানটি ছিল ‘You're the One For Me’। মজার বিষয় হলো, এই অ্যালবামে কাজ করতে গিয়ে ব্রেট লি পড়েছিলেন বিরাট সমস্যায়। একদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির চাপ আর অন্যদিকে আশা ভোঁসলের সঙ্গে গান গাওয়ার প্রস্তাব। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে, মাত্র ৩০ মিনিটে তিনি গান লিখেছিলেন। বিমানে সফর করার সময়ে। তবে পুরোটাই হয়েছিল গোপনে। আর সেটাই তৈরি হলো মাস্টারপিস।
আশা ভোঁসলে পরবর্তীকালে সেই অ্যালবামের ব্যাপারে বলতে গিয়ে জানিয়েছিলেন, লি-র মধ্যে এক অদ্ভুত সারল্য ছিল। স্টুডিওতে রেকর্ডিংয়ের সময়ে লি যতটা না ক্রিকেটার ছিলেন, তার চেয়েও বেশি ছিলেন একজন মনোযোগী ছাত্র। সুরের সূক্ষ্ম কারুকাজগুলো রপ্ত করার জন্য তিনি বারবার প্র্যাকটিস করেছিলেন, যাতে আশার মর্যাদায় কোনও ত্রুটি না ঘটে।
ব্রেট লি তাঁর আত্মজীবনী My Life-এ এই বিষয়ে লেখেন, ‘আমি রেকর্ডিংয়ের সময়ে দারুণ মজা করেছিলাম। কারণ, আমি পুরো বিষয়টা সতীর্থদের জানাইনি। আমি যখন রেকর্ডিংয়ের জন্য গেলাম তখন সতীর্থদের বলেছিলাম আমি রাস্তায় ঘুরতে যাচ্ছি। চার মাস পর যখন রেকর্ডিং রিলিজ় করে তখন সবাই জানতে পারে। আর রিলিজের সময়ে আশাজি সিডনির অপেরা হাউসে পারফর্ম করছিলেন। আমি সেই সময়ে ওঁর সঙ্গে দেখা করি, উনি আমাকে অ্যালবামটা অটোগ্রাফ করে দেন।’