
Asian Games 2026: অনেকে বলে ১৩ একটি আনলাকি নাম্বার। কিন্তু সেটা যে সম্পূর্ণ কুসংস্কার, তা আরও একবার প্রমাণিত হল। এশিয়ান গেমসের ১৩তম দিনই ভারতের জন্য রীতিমতো চিরস্মরণীয় হয়ে থাকল। শুক্রবার একের পর এক পদক এল দেশের ঝুলিতে। তিরন্দাজি থেকে বক্সিং, কুস্তি থেকে হকি; বিভিন্ন ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদরা দুর্দান্ত পারফরম্যান্স করলেন। দিনের শেষে ভারতের ঘরে এল ৬টি সোনা, ২টি রুপো এবং ২টি ব্রোঞ্জ। অর্থাৎ এক দিনেই মোট ১০টি পদক।
এই সাফল্যের ফলে এশিয়ান গেমসে ভারতের মোট সোনার সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। সবচেয়ে বড় বিষয়টি হল ভারতীয় মহিলা হকি দলের সোনা। ফাইনালে চিনকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর এশিয়ান গেমসে সোনা জিতল ভারত।
তিরন্দাজিতে স্বর্ণযাত্রার শুরু
শুক্রবার ভারতের পদক অভিযান শুরু হয় তিরন্দাজি দিয়ে। মহিলা রিকার্ভ দলগত বিভাগে ইতিহাস তৈরি করেন অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা এবং কুমকুম মোহড়। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ছিল দক্ষিণ কোরিয়া।
শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতে নেয় ভারত।
এর আগে সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে হারিয়েছিল ভারত। এর ফলে এশিয়ান গেমসে তিরন্দাজিতে ভারতের সোনার সংখ্যা বেড়ে হল চার।
কুমকুমের হাতে আরও একটি রুপো
মহিলা রিকার্ভ দলের সোনা জয়ের পরও থামেননি কুমকুম। ধীরজ বোম্মাদেবরার সঙ্গে মিক্সড রিকার্ভ দলগত বিভাগেও নজর কাড়েন। প্রথম বার এই ইভেন্টে এশিয়ান গেমসের ফাইনালে পৌঁছয় ভারত।
তবে সোনার লড়াইয়ে চিনের কাছে ৩-৫ ব্যবধানে হেরে যায় ভারতীয় জুটি। ফলে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কুমকুম ও ধীরজকে।
জন্মদিনে সোনা লভলিনার
নিজের জন্মদিনেই সোনা জিতলেন লভলিনা বরগোহাঁই। মহিলাদের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের জিয়ি বাওকে ৫-০ ব্যবধানে হারান।
এশিয়ান গেমসে সোনা জেতা ভারতীয় মহিলা বক্সারদের তালিকায় লভলিনা দ্বিতীয়। এর আগে ২০১৪ সালে এই নজির গড়েছিলেন এমসি মেরি কম।
পরভিনের প্রত্যাবর্তনে সোনা
৬৫ কেজি বিভাগেও এল আর একটি সোনা। চিনা তাইপেইয়ের নিয়েন-চিন চেনকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হন পরভিন হুডা।
আগের এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন তিনি। পরে ডোপিং-বিরোধী নিয়মের আওতায় ‘whereabouts failure’-এর কারণে সেই পদক ফেরত নেওয়া হয়েছিল। এ বার রিংয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করে সোনা জিতে সেই হতাশার জবাব দিলেন পরভিন।
২-৯ থেকে ১০-৯! কুস্তিতে অবিশ্বাস্য জয়
কুস্তির ম্যাটেও নাটকীয় লড়াই। পুরুষদের ৬৫ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে তাজিকিস্তানের আব্দুলমজিদ কুদিয়েভের বিরুদ্ধে এক সময় ২-৯ পিছিয়ে ছিলেন সুজিত কালকল।
মনে হচ্ছিল ম্যাচ হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল ছবিটা। পর পর আট পয়েন্ট তুলে নেন সুজিত। শেষ পর্যন্ত ১০-৯ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ভারতীয় কুস্তিগির।
সেমিফাইনালেও বড় চমক দিয়েছিলেন তিনি। জাপানের অলিম্পিক চ্যাম্পিয়ন কোটারো কিয়োকার সঙ্গে ৩-৩ ড্র করার পর টাইব্রেকের নিয়মে জেতেন সুজিত।
বক্সিংয়ে অঙ্কুশের হাত ধরে আরও এক সোনা
ভারতের সোনার তালিকায় যোগ হল অঙ্কুশ পাংঘালের নামও। ২০১৮ সালে অমিত পাংঘালের পর এশিয়ান গেমসে পুরুষদের বক্সিংয়ে সোনাজয়ী প্রথম ভারতীয় তিনি।
ফলে একই দিনে বক্সিং থেকেই ভারতের ঝুলিতে এল তিনটি সোনা।
৪৪ বছর পর হকিতে সোনা
দিনের শেষের দিকে এল সবচেয়ে বড় সুখবর। মহিলা হকি ফাইনালে চিনের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচে একমাত্র গোলটি করেন লালরেমসিয়ামি। তাঁর সেই গোলেই শেষ পর্যন্ত ভারতের সোনা নিশ্চিত হয়ে যায়।
১-০ ব্যবধানে চিনকে হারিয়ে ৪৪ বছর পর এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা জিতল ভারত। এশিয়ান গেমসের ফলের ভিত্তিতে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের জন্যও কোয়ালিফাই করল ভারতীয় টিম।