
হায়দরাবাদ এফসির (Hyderabad FC) বিরুদ্ধে আইএসএল-এর (ISL) সেমিফাইনালে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। দুই দলই গোল করার মরিয়া চেষ্টা চালালেও বল জালের মধ্যে ঢোকেনি। যদিও এই ফল নিঃসন্দেহে মোহনবাগানকে কিছুটা স্বস্তি দেবে। কারণ, পরের লেগের ম্যাচ যুবভারতীতে। গতবছরে এই হায়দরাবাদের বিরুদ্ধে হেরেই ট্রফি জেতার স্বপ্ন ভেঙে গিয়েছিল সবুজ-মেরুনের।
শুরু থেকেই প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলতে থাকে মোহনবাগান (Mohun Bagan)। ঘরের মাঠের দর্শকদের সামনে উজ্জীবিত ফুটবল খেলার চেষ্টা করতে থাকে হায়দরাবাদ। দুই উইং দিয়ে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে তারা। একটা সময় মনে হচ্ছিল যে কোনও সময় গোল পেয়ে যেতে পারে হায়দরাবাদ। ৩৫ মিনিটে সুযোগ পেয়েছিল হায়দরাবাদ। বিশাল কাইতের দারুণ সেভ লড়াইয়ে রাখে মোহনবাগানকে।
৩৭ মিনিটে গোল করার সুযোগ পেয়ে গিয়েছিল মোহনবাগান। দিমিত্রি পেত্রাতোসের ফ্রি কিক থেকে গোল করে ফেলতে পরতেন প্রীতম। এটাই ম্যাচের সহজতম সুযোগ। সেটা নষ্ট করে মোহনবাগান। ৫৫ মিনিটের মাথায় হায়দরাবাদের ইয়াসির গোল করার মত জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তবে পোস্টে লেগে বল বাইরে যায়। দ্বিতীয়ার্ধেও আক্রমণ জারি রাখে হায়দরাবাদ।
৫৯ মিনিটে ওগবেচেকে নামিয়ে আক্রমণের ঝাঁজ বাড়াতে চায় হায়দরাবাদ। তবে তাতে লাভ হয়নি। ঠিক একইভাবে হুগো বুমোসের জায়গায় গালেগোকে নামালেও গোল করতে পারেনি এটিকে মোহনবাগান। এরপর ঘরের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নামবে মোহনবাগান। ঘরের মাঠের দর্শক, ঘরের পরিবেশে জিততে সুবিধা হবে সবুজ-মেরুনের।
যদিও মোহনবাগানের চিন্তার কারণ থাকছেই। চোট সারেনি আশিক ক্রুনিয়ানের। গোড়ালিতে গুরুতর চোট পান। এ দিনের ম্যাচেও খেলতে পারেননি তিনি। তারপর চিন্তা বাড়াচ্ছে লিস্টন কোলাসোর অফ ফর্ম। এ দিনও সুযোগ পেয়ে গোল করতে পারেননি লিস্টন। মোহনবাগানের এই ম্যাচের আগে চিন্তা ছিল তাদের অ্যাওয়ে ম্যাচের রেকর্ড। তবে বৃহস্পতিবার ড্র করে সমর্থকদের কিছুটা স্বস্তি দিলেন বাগান ফুটবলাররা।