
এখন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে শ্রীলঙ্কা ক্রিকেট দল (Sri Lanka Cricket)। সিরিজের প্রথম ম্যাচটি ২৯ জুন থেকে গলেতে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনের খেলা ভাল হলেও দ্বিতীয় দিনের ম্যাচ বৃষ্টি ও ঝড়ের কারণে বিপর্যস্ত হয়। দ্বিতীয় দিন (বৃহস্পতিবার) শুরুর প্রায় ৯০ মিনিট আগে থেকেই প্রবল বৃষ্টি হয়। এ সময় প্রচণ্ড ঝড়ও হয়। এ কারণে স্টেডিয়ামে একটি অস্থায়ী স্ট্যান্ড পুরোপুরি উপড়ে পড়ে। তবে ভাগ্যের ব্যাপার যে সেই সময় সেখানে কেউ উপস্থিত ছিলেন না।
লোহার পাত দিয়ে তৈরি অস্থায়ী স্ট্যান্ড
এই ঝড়-বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় দেরিতে। বৃষ্টির পর গ্রাউন্ড স্টাফরা পিচ ঢেকে দিলেও ঝড়ে স্টেডিয়ামের পূর্ব দিকে নির্মিত একটি স্ট্যান্ড পুরোপুরি ভেঙে যায়। এই স্ট্যান্ডটি অস্থায়ীভাবে লোহা দিয়ে তৈরি করা হয়েছিল।
স্থানীয় সময় সকাল ১০টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। তবে তখনও বৃষ্টি হচ্ছিল। স্ট্যান্ডটি যখন ধসে পড়ে, তখন সেখানে কেউ উপস্থিত ছিলেন না। আর সেই কারণেই বড় দুর্ঘটনা এড়ান গিয়েছে।
প্রথম ইনিংসে ২১২ রান করে শ্রীলঙ্কা
এই টেস্ট ম্যাচের প্রথম দিনে মোট ১৩টি উইকেট পড়ে গিয়েছিল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা দল। এর পর প্রথম দিনেই প্রথম ইনিংসে ২১২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা দল। দলের পক্ষে ফিফটি করেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে নাথান লায়ন ৫টি ও মিচেল সুইপসন ৩টি উইকেট নেন। এরপর প্রথম ইনিংসে মাঠে নামা অস্ট্রেলিয়া দলও ২০০ রানের মধ্যে ৫টি বড় উইকেট হারায়। তবে দ্বিতীয় দিনের খেলা শুরু করা যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শেষ হলে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে শ্রীলঙ্কা দল।