
ইতিহাস তৈরি করেও কালীমালিপ্ত হল কেপ ভার্দে। চলতি বিশ্বকাপে এই ছোট্ট দেশের ফুটবল টিম বিস্ময় তৈরি করছে আপামর ফুটবলপ্রেমীদের মধ্যে। প্রথমবার বিশ্বমানের এই টুর্নামেন্ট খেলেই নকআউট পর্বে পৌঁছে গিয়েছেন ভোজিনহারা। এবার তাঁরা খেলবেন মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। তাঁদের নিয়ে যখন ধন্য ধন্য রব উঠছে, তখনই জানা গেল একটি লজ্জাজনক অভিযোগের কথা। ব্রাজিলীয় সংবাদমাধ্যম 'গ্লোবো'-র রিপোর্ট অনুযায়ী, ধর্ষণের অভিযোগে নাম জড়িয়েছে খোদ কেপ ভার্দে অধিনায়ক রায়ান মেন্ডেসের। দলের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
জানা গিয়েছে, গত মার্চ মাসে নিউজিল্যান্ডে আয়োজিত ফিফা সিরিজ চলাকালীন দলের এক দোভাষীকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে রায়ান মেন্ডেসের বিরুদ্ধে। শিরোনামে থাকা কেপ ভার্দের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিরুদ্ধে এহেন মারাত্মক অভিযোগ চমকে দিয়েছে ফুটবলপ্রেমীদের। দলটির অন্দরে বড়সড় ধাক্কাও দিয়েছে এই খবর।
ফরেন্সিক বিশ্লেষণ-সহ গোটা তদন্তপ্রক্রিয়া এখনও চলছে, তাই রায়ান মেন্ডেসের বিরুদ্ধে এখনও অপরাধমূলক মামলা রুজু করা হবে কি না, সে বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গ্লোবো-র প্রতিবেদন অনুযায়ী, অভিযোগকারিণী দোভাষী ব্রাজিলের বাসিন্দা। মার্চ মাসে নিউজিল্যান্ডে ওই টুর্নামেন্ট চলাকালীন তিনি কেপ ভার্দে জাতীয় দলের হয়ে অনুবাদক হিসেবে কাজ করছিলেন। অভিযোগ, অকল্যান্ডের যে হোটেলে দল উঠেছিল, সেখানে তাঁর ঘরে জোর করে ঢুকে পড়েন কেপ ভার্দের অধিনায়ক। তারপর শারীরিক ও যৌন নির্যাতন চালান বলে অভিযোগ। ওই মহিলা কোনওমতে সেখান থেকে বেরিয়ে পুলিশে খবর দেন। তাঁর শারীরিক চিকিৎসাও হয়। মেডিক্যাল টেস্টে শরীরে একাধিক আঘাতের চিহ্ন মেলে। যৌনাঙ্গে ক্ষতের পাশাপাশি তাঁর স্তন, ঘাড় এবং ঠোঁটেও কালশিটে পড়ার প্রমাণ পাওয়া যায়। আঘাতের ছবি ওই মহিলা নিউজিল্যান্ড পুলিশ এবং সংবাদমাধ্যম গ্লোবো-র হাতে তুলে দিয়েছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমের রিপোর্টে আরও দাবি, অভিযোগকারিণী কেপ ভার্দে ফুটবল দলের সঙ্গে যুক্ত ৩ ধিকারিককেও এই বিষয়ে অবগত করেন। কিন্তু তাঁদের তরফ থেকে তিনি কোনও সাহায্য পাননি বলে অভিযোগ।
এত বড় অভিযোগ সামনে আসার পরেও কেপ ভার্দের ফুটবল প্রশাসন রায়ান মেন্ডিসকে খেলতে অনুমোদন দিল কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন সংবাদমাধ্যম 'ইউএসএ টুডে' জানিয়েছে, এই বিষয়ে জাতীয় দলের কাছে মন্তব্য চাওয়া হয়। তারা কোনও সাড়া দেয়নি। তবে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা কড়া বিবৃতি দিয়েছে। বলা হয়েছে, 'যে কোনও ধরনের অসদাচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।'
চলতি বিশ্বকাপে কেপ ভার্দের পারফরম্যান্স এবং উত্থান রূপকথার মতো। প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন এবং উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে একই গ্রুপে ছিল ছোট্ট এই দ্বীপরাষ্ট্র। অভিজ্ঞ গোলকিপার ভোজিনহার নেতৃত্বে তারা নিজেদের সামর্থ্যের চেয়েও নজরকাড়া ফুটবল খেলছে। গোটা গ্রুপ পর্বে একটি ম্যাচেও না হেরে অপরাজিত থেকেই নকআউট পর্বে জায়গা করে নেয় কেপ ভার্দে। আগামী ৪ জুলাই, ভারতীয় সময় ভোর সাড়ে ৩টে নকআউটের মহারণে তাদের সামনে লিও মেসি।
এমন এক ঐতিহাসিক লড়াইয়ের আগে দলের অধিনায়কের বিরুদ্ধে ওঠা মারাত্মক অভিযোগ সেই রূপকথাকে কিছুটা হলেও কালিমালিপ্ত করল বলে মনে করছেন একাংশের ফুটবলপ্রেমীরা। মাঠের বাইরের এই ঝড় সামলে মেসিদের বিরুদ্ধে ভোজিনহারা কেমন পারফর্ম করেন, সেটাই এখন দেখার।