Advertisement

Cristiano Ronaldo: রোনাল্ডো অবসর নিয়ে নিচ্ছেন? ক্রোয়েশিয়া বধের পরেই মুখ খুললেন CR7

এটাই শেষ বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতিমধ্যেই শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে পর্তুগাল। প্রশ্ন উঠছে নিষ্প্রভ রোনাল্ডো কি বিশ্বকাপের পরই প্রফেশনাল কেরিয়ারে ইতি টানতে চলেছেন? জবাব দিয়েছেন নিজেই।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
Aajtak Bangla
  • টরন্টো,
  • 03 Jul 2026,
  • अपडेटेड 11:37 AM IST
  • শেষ বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
  • নিষ্প্রভ রোনাল্ডো কি বিশ্বকাপের পরই অবসর নেবেন?
  • CR7 জবাব দিয়েছেন নিজেই

'দ্য লাস্ট ডান্স'। এটাই শেষ বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ইতিমধ্যেই শেষ ১৬-তে পৌঁছে গিয়েছে পর্তুগাল। বিশ্বজয়ের পথে এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে এখনও পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি CR7-কে। এবার প্রশ্ন উঠছে নিষ্প্রভ রোনাল্ডো কি বিশ্বকাপের পরই প্রফেশনাল কেরিয়ারে ইতি টানতে চলেছেন? শুক্রবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নিজেই এ প্রশ্নের জবাব দিলেন। 

ক্রোয়েশিয়া ম্যাচের আগেই পর্তুগালের অধিনায়ককে নিয়ে তৈরি হয়েছে জল্পনা। রোনাল্ডোর অবসরের জল্পনা উস্কে দিয়েছিলেন তাঁরই বোন কাটিয়া অ্যাভেইরো। এক টেলিভিশন সাক্ষাৎকারে CR7-এর অবসরের ইঙ্গিত দিয়ে বোন বলেন, 'যত দিন সম্ভব উপভোগ করুক। এই অধ্যায়টা তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। খুব নির্ভরযোগ্য সূত্র থেকেই খবরটা পেয়েছি। সম্ভবত বিশ্বকাপই দেশের হয়ে শেষ প্রতিযোগিতা।'

জল্পনা নিয়ে কী বললেন রোনাল্ডো?
টরন্টোতে রুদ্ধশ্বাস ম্যাচে ১০৮ মিনিটের খেলা শেষে জয়ের পর রোনাল্ডো সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবসরের জল্পনা নিয়ে মুখ খোলেন। ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে উল্লাস করতে না করতেই তাঁর দিকে ধেয়ে এল অবধারিত সেই প্রশ্ন। 

বোনের দাবি সরাসরি উড়িয়েও দিলেন না আবার খোলসা করে সবটা জানালেনও না দাদা CR7। তিনি বলেন, 'এই মুহূর্তে ক্রিশ্চিয়ানোর কী ভবিষ্যৎ তা মোটেও গুরুত্বপূর্ণ নয়। কথা বলার জন্য অনেক সময় পাওয়া যাবে। ম্যাচ জিতি বা হারি, বিশ্বকাপ শেষে আমি আমার পরিবারের সঙ্গে বসব এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব।'

৪১ বছরের রোনাল্ডো তাঁর সেরা ফর্মে নেই। এই নিয়ে তাঁর সমালোচনাও কম হচ্ছে না। পর্তুগালের স্পোর্ট টিভিকে দেওয়া সাক্ষাৎতারে দাদার পাশে দাঁড়িয়ে বোন বলেন, 'যাঁরা সত্যিই ফুটবল ভালবাসেন এবং খেলাটা বোঝেন, তাঁরা রোনাল্ডোকে সম্মান করেন। যাঁরা বোঝেন না, তাঁরা অন্যরকম কথা বলেন। ২০ বছরের বেশি সময় ধরে দাপটের সঙ্গে ফুটবল খেলছে। গোটা বিশ্বে খেলছে। আমাদের পরিবার কোন অবস্থায় ছিল আর এখন কোথায় পৌঁছেছে, আপনারাই দেখুন। আমাদের ছোটবেলায় মা অনেক কষ্ট করেছেন। কয়েক জনের সমালোচনা আমাদের খুশি কখনও কেড়ে নিতে পারবে না। আমি ভীষণ গর্বিত। কাতার বিশ্বকাপেও ছিলাম, এ বারও আছি। আমার বিশ্বাস, শেষ পর্যন্ত আমাদের মুখে হাসি থাকবে। রোনাল্ডো নিজের দক্ষতায় আস্থা রাখে। বরং আমরাই বেশি চিন্তা করি। ওর মধ্যে সব সময় আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা দেখি। পরের ম্যাচে যে দলের সঙ্গেই খেলা পড়ুক আমাদের তৈরি থাকতে হবে। লড়াই করতে হবে।'

Advertisement

সমালোচকরা বলছেন, রোনাল্ডো এখন অনেক পরিণত। হুটহাট করে মন্তব্য করেন না, মেজাজ হারান না। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া দেখেই সে কথা স্পষ্ট। তিনি এদিন বলেন, ' আমি এখন আর মাঠের উত্তেজনার বশে কোনও সিদ্ধান্ত নিই না। এখন সবকিছু খুব শান্ত মাথায় এবং ভেবেচিন্তে করি। এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করা।'

 

Read more!
Advertisement
Advertisement