
বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষ হয়েছে দু'দিন আগে। কিন্তু সেই ম্যাচ ঘিরে বিতর্ক এখনও থামেনি। বরং সময়ের সঙ্গে তা আরও তীব্র হচ্ছে। মাঠের বাইরেও রেফারিং নিয়ে প্রশ্ন উঠছে। এতদিন ফুটবলপ্রেমী এবং মিশরের সমর্থকদের একাংশ রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার সেই বিতর্কে সরব হলেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
বুধবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি আর্জেন্টিনা-মিশর ম্যাচের প্রসঙ্গ টেনে রেফারিং নিয়ে কটাক্ষ করেন। শহরের রাস্তা সম্প্রসারণ প্রকল্প নিয়ে কথা বলতে গিয়েই তিনি বলেন, 'নতুন ও প্রশস্ত রাস্তা হলে মানুষ দ্রুত বাড়ি ফিরতে পারবেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন, সন্তানদের সঙ্গে খেলতে পারবেন। আর বন্ধুদের সঙ্গে বসে এটাও বলতে পারবেন যে, গতকাল মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে।'
মামদানির এই মন্তব্যে সভায় উপস্থিত মানুষ হেসে ওঠেন। তবে তাঁর এই মন্তব্য বিশ্বকাপের বিতর্কিত রেফারিং নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে।
রেফারির বিরুদ্ধে ক্ষুব্ধ মিশর
মঙ্গলবারের ম্যাচে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। কিন্তু শেষ ১২ মিনিটে নাটকীয় প্রত্যাবর্তন ঘটিয়ে ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। এই হারের পর থেকেই রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন মিশরের ফুটবলাররা।
এরপর মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ম্যাচে মিশরের বিরুদ্ধে একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করার পাশাপাশি লেতেক্সিয়ে ও তাঁর রেফারিং দলকে বিশ্বকাপের বাকি ম্যাচ পরিচালনার দায়িত্ব না দেওয়ার আবেদনও জানানো হয়েছে।
তদন্তের পথে ফিফা
সূত্রের খবর, মিশরের অভিযোগের ভিত্তিতে ফিফা বিষয়টি খতিয়ে দেখার প্রস্তুতি শুরু করেছে। শুধু ওই ম্যাচই নয়, চলতি বিশ্বকাপে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের পরিচালিত অন্যান্য ম্যাচের পারফরম্যান্সও পর্যালোচনা করা হবে। ফিফার রেফারিং বিভাগ তদন্ত শেষে একটি রিপোর্ট জমা দেবে।
সেই রিপোর্টের ওপরই নির্ভর করবে, লেতেক্সিয়ে বিশ্বকাপের বাকি ম্যাচে দায়িত্ব পাবেন কি না। অতীতেও বিভিন্ন রেফারির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে এমন অভিযোগের জেরে কঠোর শাস্তি বা নির্বাসনের নজির খুবই বিরল।