Advertisement

Mbappe Penalty Miss: আর্জেন্টাইন রেফারির জন্যই পেনাল্টি মিস করেন এমবাপে? কেন ৩ মিনিট অপেক্ষা করানো হল?

আর্জেন্টিনার রেফারির জন্যই কি পেনাল্টি মিস করেছেন এমবাপে। তাঁকে মেসির রেকর্ড ব্রেক করতে বাধা? ৩ মিনিট ধরে VAR চেকিং নিয়ে আপত্তি ফ্রান্স সমর্থকদের।

এমবাপের পেনাল্টি মিস এমবাপের পেনাল্টি মিস
Aajtak Bangla
  • ম্যাসাচুসেটস,
  • 10 Jul 2026,
  • अपडेटेड 8:42 AM IST
  • আর্জেন্টিনার রেফারির জন্যই কি পেনাল্টি মিস
  • কেন এমবাপেকে ৩ মিনিট অপেক্ষা করানো হল?
  • VAR চেকিং নিয়ে আপত্তি ফ্রান্স সমর্থকদের

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে পিছনে ফেলে দিতে পারতেন। কিন্তু মরক্কোর বিরুদ্ধে জ্বলে ওঠার দিনই পেনাল্টি মিস করে বসলেন কিলিয়ন এমবাপে। ফ্রান্স দুরন্ত ছন্দে রয়েছে, সেমিফাইনালে পৌঁছেও গিয়েছে দিদিয়র দঁশের টিম। তা সত্ত্বেও পেনাল্টি মিস করার নেপথ্যে নানা তত্ত্ব উঠে আসছে। আর্জেন্টাইন রেফারির জন্যই কি এমবাপে পেনাল্টি মিস করেছেন? উঠছে প্রশ্ন। 

ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি পেয়ে গিয়েছিল ফ্রান্স। কিন্তু তা মিস করেন তারকা স্ট্রাইকার এমবাপে। চর্চায় উঠে এসেছে VAR-এর দীর্ঘ চেক এবং আর্জেন্টাইন রেফারিং টিম। এমনিতেই ফ্রান্স বনাম মরক্কো ম্যাচে ৫ রেফারির প্রত্যেকেই আর্জেন্টাইন হওয়ায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তার উপর এমবাপেকে পেনাল্টি নেওয়ার জন্য তৈরি হয়েও প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষা কেন করতে হল, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। 

এতক্ষণ ধরে কী চেক করছিল VAR? এই দেরির কারণেই কি এমবাপের ৯ নম্বর গোলটি হল না? ম্যাচের প্রথমার্ধে হাইড্রেশন ব্রেকের ঠিক আগে বক্সের মধ্যে নৌয়াসির মাজরাউয়ির চ্যালেঞ্জে পড়ে যান এমবাপে। সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন রেফারি ফাকুন্দো তেলো অবশ্য ফাউল দেন। নির্দেশ দেন পেনাল্টির। স্পটে বল বসিয়ে শট নেওয়ার জন্য তৈরি ছিলেন এমবাপে। তখনই নাটকীয় মোড় তৈরি হয়। এটি আদৌ পেনাল্টি কি না, তা নিয়ে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেয় VAR। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হের্নান মাসত্রাঞ্জেলো প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড ধরে অন-ফিল্ড রেফারি তেলোর সঙ্গে আলোচনা করেন।

VAR খতিয়ে দেখছিল, এমবাপে কি আদৌ মাজরাউয়ির সঙ্গে সংস্পর্শের আগেই পড়ে গিয়েছিলেন, নাকি বিল্ড-আপে এমন কোনও ঘটনা ঘটেছিল যা পেনাল্টির সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। দীর্ঘ টালবাহার পর পেনাল্টির সিদ্ধান্ত বহাল রাখে VAR। একাধিকবার বল সেট করেও শট নিতে পারছিলেন না এমবাপে। ধৈর্যচ্যুতি ঘটছিল তাঁর এবং বাকি প্লেয়ারদেরও। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর শট নিতে পারেন তিনি। তবে বল জমা হয় গোলকিপারের হাতে। 

Advertisement

মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনৌ অনুমান করে সহজেই এমবাপের পেনাল্টি সেভ করে দেন। হতাশ হয়ে এমবাপে সঙ্গে সঙ্গেই রেফারির কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন। 

ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন, ৩ মিনিটেরও বেশি দেরি হওয়ার জন্য মনোসংযোগে ব্যাঘাত ঘটেছিল এমবাপের। সেই কারণেই পেনাল্টি মিস হয়েছে। এই ঘটনায় নতুন করে FIFA-র VAR নিয়ে বাড়ল বিতর্ক। 

 

Read more!
Advertisement
Advertisement