
বিশ্বকাপ ফুটবল কোন চ্যানেলে দেখা যাবে তা নিয়ে ধোঁয়াশা চলছিল অনেকদিন ধরেই। কোনও সম্প্রচারকারী সংস্থাই বিশ্বকাপ দেখারনোর জন্য এগিয়ে আসেনি। তবে এবার মনে করা হচ্ছে, পরিস্থিতি বদলাতে চলেছে। মনে করা হচ্ছে, পরের সপ্তাহেই পরিষ্কার হতে পারে চিত্র। এআইএফএফ-এর প্রাক্তন সাধারণ সম্পাদক শাজি প্রভাকরণ বড় খবর দিয়েছেন। এক্স হ্যান্ডেলে তাঁর এই পোস্ট আশ্বস্ত করেছে ফুটবলপ্রেমীদের।
কী জানালেন সাজি?
প্রভাকরণ ‘X’ (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্টে লিখেছেন: 'ভারতীয় ফুটবল ভক্তদের জন্য বিশাল খবর! অপেক্ষার পালা অবশেষে শেষ হল। আলোচনা সম্পন্ন হয়েছে এবং ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার সহযোগী বা পার্টনারের নাম নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী সপ্তাহেই আসবে বলে আশা করা হচ্ছে! মাসের পর মাস ধরে চলা অনিশ্চয়তার পর ভক্তরা অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন; ভারতে বিশ্বকাপ পুরোপুরি দেখার সুযোগ থাকবে। ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপের জন্য প্রস্তুত হোন!'
ভারতে ২০২৬ ফিফা বিশ্বকাপের সম্প্রচার বা কভারেজ দর্শকদের কাছে কতটা সহজলভ্য হবে, তা নিয়ে সম্প্রতি কিছু উদ্বেগের সৃষ্টি হয়েছিল। গত মে মাসের শুরুর দিকে, দিল্লি হাইকোর্ট কেন্দ্র সরকার এবং প্রসার ভারতীকে নোটিশ জারি করে। এই নোটিশটি জারি করা হয়েছিল একটি জনস্বার্থ মামলার (পিটিশন) প্রেক্ষিতে, যার মূল উদ্দেশ্য ছিল ভারতে এই টুর্নামেন্টের সম্প্রচার নিশ্চিত করা। বিশেষ করে দূরদর্শন এবং ডিডি স্পোর্টসের মতো ‘ফ্রি-টু-এয়ার’ বা বিনামূল্যে দেখার উপযোগী প্ল্যাটফর্মগুলোতে। সংবিধানের ২২৬ অনুচ্ছেদের অধীনে আইনজীবী অবধেশ বৈরওয়া কর্তৃক দায়ের করা এই রিট পিটিশনের শুনানি গ্রহণ করেন বিচারপতি পুরুষাইন্দ্র কুমার কৌরভ।
১১ জুন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে শুরু হবে ফিফা বিশ্বকাপ। এই প্রথমবার তিন দেশের ১৬টি শহরে বসবে বিশ্বকাপের আসর। প্রায় দেড় মাস চলবে। ১১ জুন শুরু। ফাইনাল ১৯ জুলাই। ৩২ দলের বদলে এই প্রথমবার ৪৮টি দল বিশ্বকাপে অংশ নেবে। ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল দেখানোর জন্য ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল ফিফা। প্রথমে এই স্বত্বের দাম রাখা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৯৩০ কোটি টাকা। কিন্তু কোনও সংস্থা ম্যাচ দেখানোর আগ্রহ দেখায়নি। বাধ্য হয়ে ফিফা সম্প্রচার স্বত্ব নামিয়ে আনে ৩৫ মিলিয়ন ডলারে। কিন্তু অবস্থা বদলায়নি।