
প্রথম দুই একদিনের ম্যাচে সহজেই জিতেছে ভারত। তিন ম্যাচের সিরিজের দু'টি ম্যাচে জিতে সিরিজ নিজেদের দখলে নিয়েছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। প্রথম একদিনের ম্যাচে চার উইকেটে জেতার পর দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৪ রানে জিতে গিয়েছে ভারত। এবার তৃতীয় একদিনের ম্যাচে জিতে হোয়াইট ওয়াশ করতে চাইছে টিম ইন্ডিয়া (Team India)। অপর দিকে সম্মান রক্ষার লড়াইয়ে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচের একদিনের সিরিজের পর তিন ম্যাচের টি২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তিনটি ম্যাচই হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
এই বছরের অক্টোবরে টি২০ বিশ্বকাপে (ICC T20 World Cup) খেলবে ভারত। এর পরের বছরেই রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই কারণে দলে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করছে ভারত। গত ম্যাচে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন ঋষভ পান্ত (Rishabh Pant)। তবে তৃতীয় একদিনের ম্যাচে দলে ফিরতে পারেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) । সেক্ষেত্রে ওপেন করবেন তিনিই। দলে আসতে পারেন আরও কয়েকজন নতুন ক্রিকেটার। আভেশ খানকে দেখে নিতে পারে টিম ইন্ডিয়া। এখনও অবধি ভারতীয় দলের জার্সিতে একটাও ম্যাচ খেলা হয়নি তাঁর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলে থাকলেও পরে চোট পাওয়ায় বাদ পড়েন তিনি। দলে ঢুকতে পারেন কলদীপ যাদবও। সেক্ষেত্রে বহুদিন পর যুজবেন্দ্র চাহালের সঙ্গে কুলদীপকে বল করতে দেখা যাবে। ফিরবে 'কুল-চা' জুটি। দলে থাকবেন গত ম্যাচে ভাল বল করা প্রসিদ্ধ কৃষ্ণা।
কখন শুরু হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ
শুক্রবার ভারতীয় সময় দুপুর দেড়টায় নারেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) শুরু হবে তৃতীয় একদিনের ম্যাচ। টস দুপুর একটায়।
কোথায় দেখা যাবে এই ম্যাচ
স্টার স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে দেখা যাবে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের এই ম্যাচ। এছাড়াও মোবাইলে হটস্টার অ্যাপে দেখা যাবে রোহিত শর্মা- বিরাট কোহলিদের ম্যাচ।