Advertisement

Saffron Jersey Explained: ক্রিকেটের পর হকি, ঐতিহ্যের নীল ছেড়ে কেন গেরুয়া? যুক্তিটা জানুন

পোশাকের রং বদলের ঘটনা এই প্রথম নয়। মনে করিয়ে দিয়েছে হকি ইন্ডিয়া। বিতর্কের মুখে তাদের ব্যাখ্যা, 2014 সালের বিশ্বকাপে হলুদ জার্সি পরে নেমেছিল ভারত।

ভারতীয় দলের জার্সি নিয়ে বিতর্ক।ভারতীয় দলের জার্সি নিয়ে বিতর্ক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Jul 2026,
  • अपडेटेड 4:39 PM IST
  • হকি দলের নীল জার্সি আর নয়।
  • গেরুয়া জার্সিতে হকি টিম।

বিরাট কোহলিদের দেখা গিয়েছিল গেরুয়া জার্সিতে। পরে ভারতীয় দলের প্র্যাকটিস জার্সিও হয় গেরুয়া। সে নিয়ে বিতর্কও কম হয়নি! কেন্দ্রের শাসক দলের রং চাপিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। বিরোধিতা করেছিলেন বাংলার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভারতীয় হকি দলের জার্সি। ঐতিহ্যের ‘নীল জার্সি’ এবার ইতিহাস! আগামী ১৫ থেকে ৩০ অগাস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়ামে আয়োজিত এফআইএইচ হকি বিশ্বকাপে প্রথমবার চেনা নীল জার্সি ছেড়ে গেরুয়া পোশাকে মাঠে নামবে ভারতের পুরুষ ও মহিলা দল। হকি ইন্ডিয়ার এই সিদ্ধান্তে ইতিমধ্যেই ক্রীড়ামহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সোচ্চার হয়েছেন দেশের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকিনহা। হকি নিয়ন্ত্রক সংস্থার যুক্তি, এর পিছনে নির্দিষ্ট কারণ রয়েছে।

জার্সির রং নিয়ে বিতর্ক

হকি সংস্থার যুক্তিতে সন্তুষ্ট নন ভারতের প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকিনহা। 'এক্সে' (সাবেক টুইটার) ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেন,'হকি ইন্ডিয়া দেশের হকির জন্য অনেক কাজ করলেও এই সিদ্ধান্ত অত্যন্ত হতাশাজনক। নীল জার্সিই তো ভারতীয় হকির ঐতিহ্য ও আসল পরিচয়! বছরের পর বছর ধরে গর্বের সঙ্গে ওই নীল জার্সি গায়ে চাপিয়ে খেলেছি। সমর্থকরাও এই রঙেই দলকে দেখতে অভ্যস্ত'। রাসকিনহার প্রশ্ন,'হঠাৎ গেরুয়া রঙের কী যুক্তি?' তিনি যোগ করেন,'এটা তো সরাসরি আমাদের ঐতিহ্য আর অস্তিত্বের ওপর প্রশ্ন তুলে দিচ্ছে'।

কেন জার্সিতে রঙের বদল?

হকি ইন্ডিয়ার বক্তব্য, বর্তমানে অধিকাংশ আন্তর্জাতিক ম্যাচের টার্ফই নীল রঙের। নীল মাঠের সঙ্গে খেলোয়াড়দের পোশাকের রং মিলে যাওয়ায় খেলা চলাকালীন দৃশ্যমানতায় সমস্যা তৈরি হচ্ছিল। কোচ ও খেলোয়াড়দের সঙ্গে আলোচনার পর হলুদ এবং গেরুয়া রং ভাবনায় আসে। শেষ পর্যন্ত গেরুয়াকেই বেছে নেওয়া হয়। এই রং শুধু টেকনিক্যালি সুবিধাজনকই নয়, জাতীয় পতাকার গেরুয়া রং সাহস, ত্যাগ ও জাতীয় গৌরবের প্রতীক।

বিতর্ক বাড়তেই হকি ইন্ডিয়া মনে করিয়ে দিয়েছে, পোশাকের রং বদলের ঘটনা এই প্রথম নয়। ২০১৪ সালের বিশ্বকাপে হলুদ জার্সি পরে খেলেছিল ভারত। আবার ২০১৮ সালে হালকা নীল রঙের নতুন নকশার জার্সি আনা হয়েছিল। বাস্তবতা মাথায় রেখেই জাতীয় দলের কিটে বদল এসেছে।

Advertisement

জার্সিতে ভারতীয় সংস্কৃতির ছোঁয়া

নতুন পোশাকটি কেবল রঙের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ নেই! এর নকশায় রয়েছে ভারতীয় সংস্কৃতির স্পষ্ট ছাপ। জার্সিতে মান্ডালা শিল্পকলা থেকে অনুপ্রাণিত প্যাটার্ন রয়েছে। গাঢ় নেভি ব্লু অংশটি নেওয়া হয়েছে অশোক চক্র থেকে, যা অগ্রগতি, শান্তি এবং একাগ্রতার প্রতীক। বুকে স্থান পেয়েছে আধুনিক সুদর্শন চক্রের গ্রাফিক, যা শক্তি, একতা ও গতির বার্তা দেয়। সামনের দিকে দেবনাগরী হরফে লেখা রয়েছে 'ইন্ডিয়া'। প্রধান পোশাকটি গেরুয়া হলেও বিকল্প হিসেবে থাকছে সাদা রঙের জার্সিও। 

এখন দেখার, আসন্ন বিশ্বকাপে এই নতুন গেরুয়া জার্সি ভারতীয় হকির জন্য নতুন অধ্যায়ের সূচনা করে, নাকি মাঠের পারফরম্যান্সকে ছাপিয়ে বিতর্কই মুখ্য হয়ে ওঠে।

TAGS:
Read more!
Advertisement
Advertisement