
নাইট রাইডার্সে বাঙালি ক্রিকেটার না থাকা দুর্ভাগ্যজনক, আসলে এটি “মালিক-শ্রমিক সম্পর্ক” বলছেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। নামেই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)! কিন্তু দলে নেই একজনও বাঙালি ক্রিকেটার। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে চর্চা হয়েছে বহুবার। কিন্তু ফল মেলেনি। এইবার মুখ খুললেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার এবং নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স যখন পথ চলা শুরু করে, তখন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ছাড়াও দলে ছিলেন অনেক বাঙালি ক্রিকেটার। স্কোয়াডে দেখা যায় দেবব্রত দাস (Debabrata Das), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) এবং মনোজ তিওয়ারি (Manoj Tiwari) সহ অনেককেই। কিন্তু যত সময় এগিয়েছে, ততই দেখা গেছে যে দলে বাঙালি ক্রিকেটারের সংখ্যা ক্রমশ কমছে।
যেখানে অন্যান্য টিমগুলি স্থানীয় ক্রিকেটারদের নিয়ে দল গড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে নাইট ব্রিগেডে একজনও বাঙালি খেলোয়াড় নেই। কয়েকদিন আগে, রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) ভালো পারফর্ম করা বাঙালি ক্রিকেটারদের মধ্যেও কাউকে দলে নেয়নি কেকেআর।
নাইট রাইডার্স দলের মালিক, বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। শুধু তাই নয়, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও। কিন্তু সেই দলেই নেই কোনও বঙ্গ ক্রিকেটার। “করব লড়ব জিতব” স্লোগান রয়েছে, কিন্তু একজনও বাঙালি ক্রিকেটার নেই গোটা দলে। কলকাতা নাইট রাইডার্সে কি তাহলে বাঙালি ক্রিকেটাররা খেলার যোগ্য নন? কিন্তু এই বাংলা থেকেই তো ঋদ্ধিমান সাহা খেলছেন গুজরাত টাইটানস দলে। অভিষেক পোড়েল খেলছেন দিল্লি ক্যাপিটালস দলের হয়ে। অন্য দলগুলি সুযোগ দিলেও, কেকেআরে কেন ব্রাত্য বাংলার ক্রিকেটাররা?
এমনকি অধিনায়ক শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer) যখন পাওয়া যাচ্ছে না এবং শাকিব (Shakib Al Hasan) ও লিটনকে (Litton Das) নিয়েও অনিশ্চয়তা, তখনও বাংলার ক্রিকেটারদের নিয়ে ভাবেনি কেকেআর টিম ম্যানেজমেন্ট। কিন্তু কেন? এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের (Sambaran Banerjee) সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন, “খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। এক্ষেত্রে কারোরই কিছু করার নেই। আসলে এটি একটি মালিক-শ্রমিক সম্পর্ক।“
তিনি আরও যোগ করেছেন, “আইপিএল (IPL 2023) একটি বেসরকারি টুর্নামেন্ট। তাই মালিকের যা মনে হবে, তাই করবে। শুনেছি বাংলার ক্রিকেটার সুদীপ ঘরামি (Sudip Gharami) ট্রায়াল দিয়েছে। পরে জানিনা কি হবে। তবে সম্ভাবনা থাকছে দলে অন্তর্ভুক্ত হওয়ার।“
অন্যান্য দলগুলি স্থানীয় ক্রিকেটারদের স্কোয়াডে রাখলেও, কলকাতা নাইট রাইডার্সে একজনও বাঙালি ক্রিকেটার না থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।