
পরপর দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে এখনও যা পরিস্থিতি তাতে অধিকাংশ ম্যাচ জিততে হবে তাঁদের। ফলে পরিস্থিতি বেশ কঠিন। তবে কেকেআর-এর প্লে অফে যাওয়ার আশা শেষ হয়ে যায়নি বলে মত সৌরভ গঙ্গোপাধ্যায়ের। নিজের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের উদাহরণ তুলে ধরলেন তিনি। পাশাপাশি মেসির আর্জেন্টিনার তুলনাও টানলেন তিনি।
কীভাবে ফাইনালে পৌঁছেছিল প্রিটোরিয়া ক্যাপিটালস?
তাঁর দল SA20-তে টানা ৬টা ম্যাচ জিতে ফাইনাল খেলেছিল। খারাপ শুরু করেও কামব্যাক করেছিল। প্রথমবার কোচের ভূমিকায় কাজ করতে গিয়ে বেগ পেতে হলেও, নিজের ক্রিকেট জীবনের মতোই কামব্যাক করে তাঁর দলও। KKR-এর ক্ষেত্রেও এই ছবিটা দেখতে চান তিনি। বলেন, ‘অনেক সময় খেলায় ছন্দ থাকে না। মাথিশা পাথিরানা সহ বোলিং বিভাগ চোট সমস্যায় ভুগছিল। আর খেলায় সবকিছুই সম্ভব, আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হেরে শুরু করার পর বিশ্বকাপ জেতে, ফলে এগুলো স্বাভাবিক।’
রিঙ্কু সিং-কে কৃতিত্ব দিলেন সৌরভ
KKR-এর এই কামব্যাকের নেপথ্যে রিঙ্কু সিংকে কৃতিত্ব দেন সৌরভ। তিনি পরামর্শ দিয়েছিলেন রিঙ্কুকে আরও উপরের দিকে পাঠানোর, সেটা করেই সাফল্য এসেছে। সৌরভ বলেন, ‘ভালো প্লেয়ার যত বেশি বল পাবেন তত রান করতে পারবেন। ১০ বলে তো ১০০ করতে পারবে না কেউ। সচিন, দ্রাবিড়, আমি উপরের দিকে নামতাম কারণ বেশি বল খেলার জন্য। রিঙ্কুকে উপরের দিকে নামার ফল পাওয়া গেল।’
প্লে অফের লড়াইয়ে টিকে কলকাতা
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালস আপাতত ১০ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন। যদিও রান রেট তুলনামূলক ভাল হওয়ার কারণে দ্বিতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে, শনিবার (২৫ এপ্রিল) এই টুর্নামেন্টের ৩৬ নম্বর ম্য়াচে রাজস্থানকে হারিয়ে এক ধাপ উপরে উঠে এসেছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে তারা ৩ নম্বরে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে, রাজস্থান রয়্যালস আবার এক ধাপ হড়কে গিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এর ঠিক নীচেই ৬ পয়েন্ট নিয়ে বেশ কয়েকটা দল লড়াই করছে। পাঁচ নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। তারা মুম্বই ইন্ডিয়ান্সকে ১০৩ রানের বিশাল ব্যবধানে পরাস্ত করে নিজেদের নেট রান রেট শুধরে নিয়েছে। চেন্নাইয়ের ঝুলিতে রয়েছে ৬ পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস এবং গুজরাত টাইটান্সও ৬-৬ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। তারাও এখনও পর্যন্ত প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে।