
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের। তাদের দাবি, নিয়ম বহির্ভূতভাবে একাধিক ক্রীড়া সংস্থায় গুরুত্বপূর্ণ পদে রয়েছেন স্বপন। এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে তাঁকে।
সেই চিঠি অনুযায়ী, স্বপন বন্দ্যোপাধ্যায় বর্তমানে ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রেসিভ বক্সিং অ্যাসোসিয়েশনের সম্পাদক, ওয়েস্ট বেঙ্গল স্টেট টেবল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি বক্সিং ফেডারেশন অব ইন্ডিয়ার যুগ্ম সম্পাদক পদেও আছেন বলে উল্লেখ করা হয়েছে।
বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের দাবি, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেমোর্যান্ডাম ও নিয়মাবলির ২৭.৩ ধারা অনুযায়ী, কোনও ব্যক্তি এক রাজ্যে একাধিক ক্রীড়া সংস্থার সদস্য বা পদাধিকারী থাকতে পারেন না। সেই কারণেই তাঁকে দ্রুত কোনও একটি পদ বেছে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, যত দ্রুত সম্ভব তিনি কোন পদে থাকতে চান তা জানিয়ে বাকি পদগুলি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহার দাস এই চিঠিতে সই করেছেন।
এই চিঠির কপি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের প্রধান সচিবের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি স্বপন বন্দ্যোপাধ্য়ায়ের।